সংগীতশিল্পী হেরিনের জন্মদিন আজ ১৫ মে। নিউজিনসের মূল প্রতিষ্ঠান অ্যাডর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। অ্যাডর লিখেছে, ‘হ্যাপি হেরিন ডে।’ সঙ্গে হেরিনের একটি ছবি যুক্ত করা হয়েছে।

ছবিতে সমুদ্রসৈকতে হাতে ফুল নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন হেরিন। লম্বা চুল আর স্নিগ্ধ সাজে তাঁকে দেখা গেছে। ইউরোপীয় ধাঁচের বিভিন্ন লোকেশনে ক্রপটপ ও অফ–শোল্ডার পোশাকে তোলা ছবিগুলোতে হেরিনকে আরও পরিণত মনে হয়েছে।

পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ৬ লাখ ৮০ হাজারের বেশি লাইক পেয়েছে। ভক্তরা মন্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘তারা কি ফিরছে?’ আবার কেউ বলেছেন, ‘হেরিনকে আরও পরিণত লাগছে।’

অনুরাগীদের অনেকে মনে করছেন, ছবিগুলো ডেনমার্কের কোপেনহেগেনে তোলা হতে পারে। অ্যাডর জানিয়েছে, সদস্য হেইন, হেরিন ও হানি সংগীত প্রযোজনার কাজে কোপেনহেগেনে গিয়েছিলেন।

পাঁচ সদস্যের নিউজিনস দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে। এর পেছনে রয়েছে এজেন্সির সঙ্গে দীর্ঘ আইনি বিরোধ। ২০২৪ সালের নভেম্বরে সদস্যরা অ্যাডরকে চুক্তি বাতিলের নোটিশ দেন এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন। পরে চুক্তির বৈধতা নিশ্চিত করতে অ্যাডর মামলা করে। প্রথম ধাপের রায় সদস্যদের বিপক্ষে যায়। এতে দীর্ঘ সময়ের জন্য দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

গত বছরের নভেম্বরে অ্যাডর হেইন, হেরিন ও হানির ফেরার বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে ড্যানিয়েলের সঙ্গে চুক্তি বাতিলের কথাও জানায়। মিনজির ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।