বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ দুটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে এই দুটি রোগ একসঙ্গে দেখা যায় এবং একে অপরের ঝুঁকি বেড়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের অর্ধেকের বেশি কোনো না কোনো পর্যায়ে উচ্চ রক্তচাপে ভুগেন। এই যুগল সমস্যা হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া ও চোখের জটিলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
কারণ
ডায়াবেটিস রোগীর রক্তে দীর্ঘদিন অতিরিক্ত শর্করা থাকলে রক্তনালির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। উচ্চ রক্তচাপ এর সঙ্গে রক্তনালিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ফলে হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক ও চোখের ক্ষুদ্র রক্তনালিগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তাই ডায়াবেটিস রোগীদের শুধু রক্তশর্করা নিয়ন্ত্রণ করলেই চলবে না, রক্তচাপও সঠিক মাত্রায় রাখতে হবে।
ডায়াবেটিস রোগীদের রক্তচাপ ১৩০/৮০ মিমি পারদের নিচে রাখার পরামর্শ দেওয়া হয়। নিয়মিত রক্তচাপ পরিমাপ না করলে রোগীরা প্রায়শই বুঝতেই পারেন না যে তাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই এর কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। এজন্যই উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ বলা হয়।
করণীয়
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জীবনযাত্রার পরিবর্তন খুবই কার্যকর। প্রথমে খাদ্যাভ্যাসে সতর্কতা অবলম্বন করতে হবে—অতিরিক্ত লবণ, চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার কমানো জরুরি। শাকসবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার ও পরিমিত প্রোটিন গ্রহণ উপকারী। দ্বিতীয়ত, নিয়মিত শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা, হালকা ব্যায়াম বা সাইকেল চালানো রক্তচাপ ও রক্তশর্করা নিয়ন্ত্রণে সহায়ক। তৃতীয়ত, ধূমপান ও তামাকজাত পণ্য সম্পূর্ণ ত্যাগ করতে হবে। পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ।
কিছু রোগীর ক্ষেত্রে ওষুধের প্রয়োজন পড়তে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ শুরু বা বন্ধ করা উচিত নয়। বিশেষ করে কিডনি রক্ষার জন্য কিছু রক্তচাপের ওষুধ ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত উপকারী। ডায়াবেটিস থাকলে এসিই ইনহিবিটর বা এনজিওটেনসিন রিসেপটর ব্লকার গোত্রের ওষুধ বিশেষভাবে কার্যকর।
সারকথা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একসঙ্গে থাকলে ঝুঁকি অনেক বেড়ে যায়, কিন্তু সময়মতো শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এটি অনেকাংশে কমানো যায়। সচেতনতা, নিয়মিত ফলোআপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সুস্থ জীবনের চাবিকাঠি।
ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়






