মাধুরী দীক্ষিত তার দীর্ঘ অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তিনি খ্যাতি, দর্শকের ভালোবাসা এবং পুরস্কার লাভ করেছেন। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমায় অস্বস্তিকর অভিজ্ঞতা হয়েছিল তার। এটি এতটাই তীব্র যে মাধুরী সেই সিনেমা নিয়ে কথাই বলতে চান না। সিনেমার প্রসঙ্গ উঠলেই তার কণ্ঠে বিরক্তি ফুটে ওঠে। কোন সেই সিনেমা? কী হয়েছিল মাধুরীর? আজ ১৫ মে তার জন্মদিন। এই উপলক্ষে জানা যাক এই অজানা ঘটনার কথা।
ঘটনাটি ‘দয়াবান’ সিনেমার। এটি মাধুরীর ক্যারিয়ারের সবচেয়ে বিতর্কিত দৃশ্য। সেই দৃশ্য নিয়ে তখন তুমুল বিতর্ক হয়। বিনোদ খান্নার সঙ্গে এই দৃশ্য এখনো চর্চিত।
আশির দশকের শেষভাগে ফিরে যেতে হবে ঘটনায়। তখন বিনোদ খান্না ছিলেন আলোচিত তারকা। ১৯৮৮ সালে নির্মাতা ফিরোজ খান ‘দয়াবান’-এ উঠতি নায়িকা মাধুরীকে নেন। তখন কে জানত ৪২ বছর বয়সী বিনোদের বিপরীতে ২১ বছরের মাধুরীর দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় বইবে। ছবির বিতর্কিত চুম্বন দৃশ্যে বিনোদ নাকি নিয়ন্ত্রণ হারিয়ে মাধুরীর ঠোঁটে কামড় দেন। পরে বিনোদ খান্না প্রকাশ্যে মাধুরীর কাছে দুঃখ প্রকাশ করেন।
বিনোদ খান্নার ক্যারিয়ারে বিতর্কেরও অভাব নেই। পর্দার অন্তরঙ্গ দৃশ্যে কয়েকবার তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন, যা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। ‘দয়াবান’ ছাড়াও আরেক সিনেমায়ও এমন ঘটনা হয়।
কয়েক বছর আগে মাধুরী এই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুলেছিলেন। বহু বছর পর সেই অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, এটি তাঁকে এত অস্বস্তি ও লজ্জায় ফেলেছিল যে পরে অভিনয় জীবনে নিজের জন্য স্পষ্ট সীমারেখা টানেন।
রেডিও নাশাকে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী বলেন, ‘আমি মনে করি, এটা একধরনের বেড়ে ওঠার বা শেখার প্রক্রিয়া। প্রতিটি অভিজ্ঞতা থেকেই কিছু শেখা যায়, আর আমি সেখান থেকেও শিখেছিলাম। এরপর আমি খুব অস্বস্তি ও লজ্জা অনুভব করি এবং সিদ্ধান্ত নিই, ভবিষ্যতে এ ধরনের কিছু আর করব না।’
তখন মাধুরী বলিউডে একেবারে নতুন ছিলেন। অন্যদিকে বিনোদ খান্না প্রতিষ্ঠিত সুপারস্টার। ছবির সবচেয়ে আলোচিত অংশ ছিল দুজনের দীর্ঘ চুম্বন দৃশ্য, যা মুক্তির পর তুমুল বিতর্ক সৃষ্টি করে। তৎকালীন বলিউডে এত দীর্ঘ ও খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্য ছিল বিরল।
পরে মাধুরী স্বীকার করেন, চুক্তিবদ্ধ হওয়ার সময় তিনি দৃশ্যটির তীব্রতা পুরোপুরি বুঝতে পারেননি। এখনো দৃশ্য দেখলে বিস্মিত হন বলে জানান তিনি। অতীতে একাধিক সাক্ষাৎকারে এই দৃশ্যে অভিনয়ের জন্য আক্ষেপ প্রকাশ করেছেন।
ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’ ছিল ‘দ্য গডফাদার’ অনুপ্রাণিত অপরাধভিত্তিক ছবি। মুক্তির সময় এটি আলোচিত হয়, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা মাধুরী ও বিনোদের দৃশ্য নিয়ে। শুধু খোলামেলা ভাব নয়, দুজনের বয়সের বড় ব্যবধানও দর্শকদের অস্বস্তিতে ফেলেছিল।
প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ে বিনোদ খান্না এতটাই ডুবে যান যে চুম্বন দৃশ্য দীর্ঘ হয়। ঘটনার পর মাধুরী সেটে ভেঙে পড়েন এবং কাঁদেন। পরে তিনি দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ করেন, কিন্তু ফিরোজ খান রাখেননি। এমনকি নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। শোনা যায়, দৃশ্য রাখার জন্য মাধুরীকে অতিরিক্ত এক কোটি রুপি দেওয়া হয়। বলিউড লাইফ অবলম্বনে






