১৯৬৮ সালের ১৫ মে কান চলচ্চিত্র উৎসবে বিশ্ব সিনেমা এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়। সেদিন ফরাসি রিভিয়ারার ক্রোয়াজেতে অনুষ্ঠিত হয় ‘ওয়ান্ডারওয়াল’ ছবির প্রিমিয়ার। এই প্রিমিয়ারে বিটলসের দুই সদস্য জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার উপস্থিত ছিলেন। আজ সেই ঘটনার ৫৮ বছর পূর্ণ হয়েছে।

এদিন জর্জ হ্যারিসনের স্ত্রী মডেল প্যাটি বয়েড এবং রিঙ্গো স্টারের স্ত্রী মওরিন স্টার্কিও ছিলেন সেখানে।

প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় হাত দেন ব্রিটিশ নির্মাতা জো ম্যাসট। ‘ওয়ান্ডারওয়াল’ ছবিতে অভিনয় করেন জ্যাক ম্যাকগাওরান ও জেন বারকিন। ক্যামিও চরিত্রে দেখা যায় অনিতা প্যালেনবার্গকে। সাইকেডেলিক ধাঁচের এই ছবিতে এক নিঃসঙ্গ অধ্যাপকের কল্পনা ও বাস্তবতার মিশ্রণ তুলে ধরা হয়েছে।

ছবিটির বড় আকর্ষণ ছিল এর সংগীত। সংগীত পরিচালনা করেন জর্জ হ্যারিসন। এটিই ছিল চলচ্চিত্রে তাঁর প্রথম বড় কাজ। শুধু সংগীত নয়, প্রযোজনার খরচেও তিনি ব্যক্তিগতভাবে সাহায্য করেন। পরবর্তীকালে এই ছবির নাম থেকে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ ব্যান্ড ওয়েসিস তাদের জনপ্রিয় গান ‘ওয়ান্ডারওয়াল’-এর নাম রাখে।

কান উৎসবে ছবিটির প্রদর্শনী নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েও তখন কোনো পরিবেশক পাওয়া যায়নি। পরে ১৯৬৯ সালের শুরুতে যুক্তরাজ্যে মুক্তি পায় ছবিটি। এর এক বছর পরই ভেঙে যায় দ্য বিটলস।