ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। গভীর নলকূপের ভূগর্ভস্থ সঞ্চালন পাইপে ত্রুটির কারণে এই সংকট দেখা দিয়েছে। ফলে হাসপাতালের শৌচাগারগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। দুর্গন্ধযুক্ত অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলেছে, যার ফলে রোগীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রায় ৫৫ বছর আগে এখানে স্থাপিত গভীর নলকূপ থেকে রোগীদের জন্য পানি সরবরাহ করা হয়। কিন্তু পাঁচ দিন আগে এক হাজার ফুট গভীরে অবস্থিত লোহার পাইপ ও হাউজিংয়ে ত্রুটি দেখা দিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

শুক্রবার সকালে সেখানে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে হামের রোগীসহ ৮৮ জন রোগী ভর্তি। শৌচাগারে পানি না থাকায় দূরের খাল থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। এছাড়া হাসপাতাল কোয়ার্টারে থাকা চিকিৎসক-নার্সসহ ৯টি পরিবারও তীব্র পানিসংকটে ভুগছেন।

অনেকে অভিযোগ করেন, চার দিন ধরে গোসল, শৌচাগার ব্যবহার ও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা সম্ভব হয়নি। এতে রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে। রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের নাসরিন আক্তার ডায়রিয়ায় আক্রান্ত দেড় বছরের শিশু শফিউল্লাহকে গত বুধবার হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পানির অভাবে চিকিৎসা শেষ না করে তিনি বাড়ি ফিরে যেতে চান।

উপজেলার গালুয়া গ্রামের ফরিদা বেগম বলেন, ‘পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। পানি না থাকায় গোসল করতে পারছি না। খাল থেকে পানি এনে শৌচাগারে যেতে হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরেই গভীর নলকূপে সমস্যা ছিল। নতুন পানির পাম্প বসিয়েও সমাধান হয়নি। বরং দুটি পাম্প পুড়ে গেছে। বর্তমানে পাইপ পরিষ্কারের কাজ চলছে। এতে সমাধান না হলে বিকল্পভাবে পুকুর থেকে অস্থায়ী পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। নতুন করে গভীর নলকূপ বসিয়ে পানি সরবরাহ চালু করতে অন্তত ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। এর সঙ্গে আর্থিক অনুমোদন ও বরাদ্দের বিষয়ও জড়িত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছেন। সিভিল সার্জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছেন। আপৎকালীন ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিসের মাধ্যমে হাসপাতালে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।