ঢাকায় ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয়েছে রক কনসার্ট ‘রকা রোল্লা’। এই ধারাবাহিক আয়োজনে দেশের জনপ্রিয় সব রক ব্যান্ড অংশ নিয়েছে। কিন্তু ২০২০ থেকে বন্ধ হয়ে যায় এই অনুষ্ঠান। রক সংগীতপ্রেমীদের জন্য আনন্দের খবর, আবার ফিরছে ‘রকা রোল্লা’। আজ শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এবারের নাম ‘রকা রোল্লা রিফোর্জড’। আয়োজক টিম আলফা জানায়, এটি ‘রকা রোল্লা’র পুনর্জন্ম।

এটি বছরের অন্যতম বড় ওপেন এয়ার রক কনসার্ট হতে যাচ্ছে। ওয়ারফেজ, নেমেসিস, অ্যাভয়েড রাফা, মেকানিক্স, ইজি, ব্লু জিন্স, এ কে রাহুলসহ আরও কয়েকটি ব্যান্ড একসঙ্গে পারফর্ম করবে। টিম আলফার চিফ এক্সপেরিয়েন্স অফিসার শেখ রিয়াজ মুক্তকণ্ঠকে বলেন, “রকা রোল্লার সঙ্গে একটা প্রজন্মের আবেগ জড়িয়ে আছে। কয়েক বছর ধরেই ফেরার চেষ্টা করেছিলাম, কিন্তু ওপেন এয়ার কনসার্টের অনুমতি নিয়ে কিছু জটিলতা ছিল। তাই করতে পারিনি।”

আয়োজন নিয়ে ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম মুক্তকণ্ঠকে বলেন, “গত কয়েক বছরে খুব বেশি ইনডোর পারফর্ম করা হয়েছে। ওপেন এয়ারে যেগুলো হয়েছে, সেগুলোও বিশ্ববিদ্যালয় বা করপোরেট আয়োজন। এভাবে বড় করে তেমন আয়োজন হয়নি। ওপেন এয়ারের আবেদন অন্য রকম। এটা কন্টিনিউ থাকুক, একজন ব্যান্ড সংগীতশিল্পী হিসেবে সেটাই চাওয়া।” আয়োজকেরা জানিয়েছেন, বেলা দুইটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে।