দুই দশক ধরে বিশ্বকাপ না জিততে পারা ব্রাজিল এবার ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ওপর সম্পূর্ণ ভরসা করেছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আনচেলত্তি এই ভরসার প্রতি কতটা সাড়া দিতে পারবেন, তা আগামী মাসে শুরু হওয়া ২৩তম ফিফা বিশ্বকাপে বোঝা যাবে।
বিশ্বকাপের জন্য রওনা দেওয়ার আগেই এলো নতুন খবর। শুধু ২০২৬ বিশ্বকাপ নয়, ২০৩০ সালের আসরেও তাঁর নেতৃত্বে খেলবে ব্রাজিল। আজ কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) জানিয়েছে, ইতালিয়ান কোচটির চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ানো হয়েছে।
৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হন। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী এই কোচের ক্যারিয়ারে এটি প্রথম জাতীয় দলের দায়িত্ব। প্রথমে চুক্তি হয়েছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু সেই টুর্নামেন্টের দল ঘোষণার আগেই মেয়াদ বাড়ল আরও চার বছর।
সিবিএফের অফিশিয়াল এক্স পেজে আনচেলত্তির একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, “এক বছর আগে আমি ব্রাজিলে এসেছিলাম এবং বুঝতে পেরেছিলাম এই দেশটির কাছে ফুটবলের মানে কী। আমরা জাতীয় দলকে আবারও বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনার জন্য কাজ করছি, কিন্তু সিবিএফ এবং আমি—উভয়েই আরও বেশি কিছু চাই। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসাথে পথ চলা অব্যাহত রাখব।”
আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল এ পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে, যার মধ্যে পাঁচটিতে জয়, দুটিতে ড্র এবং তিনটিতে পরাজয়। সিবিএফ সভাপতি সামির শাউদ এই চুক্তি নবায়নকে ‘ঐতিহাসিক দিন’ বলে অভিহিত করে বলেছেন, এটি ব্রাজিলীয় ফুটবলের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত পদক্ষেপ।
২০০২ সালের বিশ্বকাপে শেষবারের মতো খেতাফল জিতেছে ব্রাজিল। এবার টুর্নামেন্ট শুরু হবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের দল ১৮ মে ঘোষণা করবেন আনচেলত্তি। নেইমারকে বিশ্বকাপে চান না ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান, ব্রাজিল ট্রফি জিতবে না মনে করেন ৬৮ শতাংশ






