টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাসের শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এই টিকা প্রয়োগ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

শিশুটির পরিবার জানায়, মা মৌ ফাতিহাকে নিয়মিত টিকা দিতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে টিকা দেওয়ার কথা ছিল স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলামের। কিন্তু তিনি উপস্থিত না থাকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন। এ সময় কাইয়ুম শিশুটিকে দুই ডোজ কুকুরের র‍্যাবিস ভ্যাকসিন দেন।

এ বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, "ভুলবশত এমনটি হয়েছে।" এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ বলেন, "এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ টিকা কোনো সমস্যা হবে না।"

আজ বৃহস্পতিবার দুপুরে শিশুর ফাতিহার বাবা ফারুক আহমেদ জানান, ফাতিহা তাদের ছাব্বিশা গ্রামের বাড়িতে আছে। কোনো সমস্যা হয়নি। সুস্থ আছে।