বাংলাদেশে কোনো নির্দিষ্ট পদের প্রকৃত বেতন সম্পর্কে জনসাধারণের জন্য কোনো নির্ভরযোগ্য রেফারেন্স নেই। ফলে চাকরিপ্রার্থীরা পছন্দের প্রতিষ্ঠানের বেতন কাঠামো নিয়ে অনিশ্চিত ও বিভ্রান্ত হয়ে পড়েন। এই সমস্যার সমাধানে এসেছে দেশের প্রথম অ্যানোনিমাস স্যালারি ট্রান্সপারেন্সি প্ল্যাটফর্ম ‘বেতন কেমন’ (https://www.betonkemon.com/)।
এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য বাংলাদেশে বেতনের স্বচ্ছতা সব চাকরিপ্রার্থীর অঙ্গুলির নিমেষে নিয়ে আসা। এখানে কোনো লগইন বা পরিচয় প্রকাশ ছাড়াই বিনামূল্যে তথ্য শেয়ার ও দেখা যায়। ব্যবহারকারীরা তাঁদের কোম্পানি, পদবী, অভিজ্ঞতা, বেতন এবং মাসিক বেতন পাওয়ার তারিখের তথ্য দিতে পারেন। যেকোনো কোম্পানির নাম সার্চ করলেই সেখানকার বেতনের স্পষ্ট ধারণা পাওয়া যায়।
প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইশমাম চৌধুরী বলেন, ‘সাধারণত প্রার্থীরা ইন্টারভিউতে ঢোকেন একটি অনুমান নিয়ে। আর “বেতন কেমন” সেই অনুমানটাকে একটা বাস্তব সংখ্যায় বদলে দেয়। যার পেছনে রয়েছে ওই পদে পূর্বে কাজ করা শত শত মানুষের অভিজ্ঞতা। বেতনের অস্বচ্ছতার আসল কারণ ইন্টারভিউয়ের শেষে করা বিব্রতকর প্রশ্নটি নয়, বরং মানুষের জীবনের সেই মাসগুলো, যা সঠিক তথ্যের অভাবে হারিয়ে যায়।’
ইশমাম চৌধুরী জানান, প্রথম ভার্সন তৈরির পর ‘আইবিএ’ ও ‘বিবিএ’ কমিউনিটিতে শেয়ার করলে কয়েক দিনে ২২৩টি এন্ট্রি জমা হয়। তখনই বাংলাদেশের জনপ্রিয় ক্যারিয়ার কমিউনিটি ‘গ্রো ইয়োর ক্যারিয়ার’-এর প্রতিষ্ঠাতা রাইয়ান এহাব শামসের সঙ্গে যোগাযোগ হয়। এখন এটি ইশমাম ও গ্রো ইয়োর ক্যারিয়ারের যৌথ উদ্যোগে চলছে। গ্রো ইয়োর ক্যারিয়ার পেজে অফিশিয়াল লঞ্চের ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০০-এর বেশি রিঅ্যাকশন, কমেন্ট ও শেয়ার পেয়ে উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলে।
সহ-প্রতিষ্ঠাতা ও গ্রো ইয়োর ক্যারিয়ারের সিইও রাইয়ান এহাব শামস বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম কোডের ওপর নয় বরং কমিউনিটির ওপর ভিত্তি করে বেঁচে থাকে। বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যে অপরিচিত মানুষকে সাহায্য করার জন্য নিজের বেতনের তথ্য শেয়ার করছেন, তা প্রমাণ করে যে মানুষের ওপর ভরসাটা সব সময়ই ছিল। শুধু তা সঠিকভাবে চাওয়ার অভাব ছিল।
সংশ্লিষ্টরা জানান, অ্যানোনিমিটি বা পরিচয় গোপন রাখাই এর মূল ভিত্তি। কোনো আইপি বা ই–মেইল সংরক্ষণ না করায় তথ্যের উৎস ট্রেস করা অসম্ভব। এটি সবসময় বিনামূল্যে থাকবে, যাতে ক্যারিয়ারের শুরুতে থাকা তরুণরা উপকৃত হয়। বর্তমানে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সার্চের সুবিধা রয়েছে এবং পিএফ, গ্র্যাচুইটি, ট্রান্সপোর্ট ও ফেস্টিভ্যাল বোনাসের মতো সুবিধার তথ্য দেখা যায়। সামনে ‘ইয়ার-অন-ইয়ার স্যালারি ভিউ’ এবং ‘এক্সপেরিয়েন্স লেভেল ব্র্যাকেটে’র মতো ফিচার যুক্ত করার পরিকল্পনা আছে বলে জানান সংশ্লিষ্টরা।






