২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছাত্রদল ও জাসাসের দুই নেতার বিচারবহির্ভূত হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে ২০ মে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ বৃহস্পতিবার এই আদেশ জারি করেন।
আজকের শুনানিতে প্রসিকিউশন প্রথমে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে। পরবর্তীতে আসামিপক্ষের আইনজীবীরা এই মামলায় আসামিদের অব্যাহতির জন্য আবেদন করেন। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ প্রদানের তারিখ ২০ মে নির্ধারণ করেন।
মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। পলাতক অবস্থায় আছেন আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভুক্তভোগী দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।






