দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে ঘাড়, কাঁধ, পিঠ ও কোমরে ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা। বিশেষ করে যাঁরা প্রতিদিন কয়েক ঘণ্টা ড্রাইভ করেন বা গাড়ি চালান, তাঁদের মধ্যে এটি বেশি দেখা যায়। কিছু সহজ অভ্যাস ও সতর্কতা মেনে চললে এই ব্যথা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

সবার আগে বসার সঠিক ভঙ্গি নিশ্চিত করা জরুরি। গাড়ি চালানোর সময় সিট এমনভাবে সামঞ্জস্য করতে হবে যাতে মেরুদণ্ড সোজা থাকে এবং কোমর ভালোভাবে সমর্থন পায়। সিট খুব বেশি সামনে বা পেছনে রাখলে শরীরে অতিরিক্ত চাপ পড়ে।

হাঁটু সামান্য বাঁকা অবস্থায় রেখে পা সহজে প্যাডেলে পৌঁছানো যায়—এই নিয়মে সিট ঠিক করা উচিত। কোমরের পিছনে ছোট লাম্বার সাপোর্ট বা কুশন ব্যবহার করলে কোমরের চাপ অনেক কমে যায়।

দ্বিতীয়ত, স্টিয়ারিং ধরার অবস্থানের দিকেও খেয়াল রাখতে হবে। অনেকে কাঁধ উঁচু করে বা হাত টানটান করে স্টিয়ারিং ধরেন, যা ঘাড় ও কাঁধের পেশিতে চাপ তৈরি করে। কাঁধ শিথিল রেখে কনুই সামান্য বাঁকা করে ধরলে ঘাড়ের পেশি অতিরিক্ত টান থেকে মুক্ত থাকে।

তৃতীয়ত, একটানা দীর্ঘক্ষণ গাড়ি না চালিয়ে বিরতি নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এক থেকে দুই ঘণ্টা পর ৫ থেকে ১০ মিনিটের জন্য গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি, শরীর স্ট্রেচ করা এবং ঘাড়-কোমর হালকা নড়াচড়া করা উচিত। এতে রক্ত সঞ্চালন সুষ্ঠু হয় এবং পেশির শক্তভাব কমে।

চতুর্থত, নিয়মিত ব্যায়াম এই সমস্যা এড়াতে খুব কার্যকর। ঘাড়, কোমর ও পিঠের পেশি শক্তিশালী রাখতে প্রতিদিন হালকা স্ট্রেচিং, হাঁটা, যোগব্যায়াম বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুসারে ব্যায়াম করা দরকার। বিশেষ করে কোর মাসল শক্তিশালী থাকলে কোমরের ব্যথা অনেক কম হয়।

পঞ্চমত, দীর্ঘ ড্রাইভিংয়ের আগে যথেষ্ট বিশ্রাম নেওয়া জরুরি। ক্লান্ত শরীরে গাড়ি চালালে শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়ে না, পেশির টানও বৃদ্ধি পায়।

ষষ্ঠত, মোবাইল ফোন কাঁধে চেপে কথা বলা বা গাড়ি চালানোর সময় মাথা একদিকে ঝুঁকিয়ে রাখা থেকে বিরত থাকতে হবে।

যদি ঘাড় বা কোমরের ব্যথা দীর্ঘদিন স্থায়ী হয়, হাত-পায়ে ঝিনঝিনি অনুভূত হয়, অবশ লাগে অথবা ব্যথা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে দ্রুত ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

মনে রাখবেন, গাড়ি চালানো অনেকের দৈনন্দিন জীবনের অংশ হলেও ভুল অভ্যাসের কারণে তা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা ডেকে আনতে পারে। তাই সচেতনতা, সঠিক ভঙ্গি এবং নিয়মিত ব্যায়ামই ঘাড় ও কোমরব্যথা থেকে রক্ষা করে।

এম ইয়াছিন আলী, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা