ফুটবলের বিশ্বকাপ এবং সংগীতের জগৎ একসঙ্গে মিলিত হচ্ছে নতুনভাবে। ফিফা ইতিহাসে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপ ফাইনালে সুপার বোল-ধাঁচের ‘হাফটাইম শো’ আয়োজন করছে। এই মঞ্চে পারফর্ম করবেন পপসংগীতের বিশ্বতারকা ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

গত বুধবার রাতে ফিফা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। রাত ৯টায় একটি বিশেষ টিজার ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন এবং শিশুদের প্রিয় চরিত্র এলমো। এছাড়া মিস পিগি, কেরমিট দ্য ফ্রগসহ ‘মাপেটস’ দলের পরিচিত মুখও উপস্থিত ছিলেন।

ভিডিওতে মজার ছলে দেখানো হয়েছে, ক্রিস মার্টিন ও এলমো মিলে বিশ্বকাপের প্রথম হাফটাইম শোর জন্য শিল্পী নির্বাচন করছেন। শেষে তাঁরা বেছে নেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএসকে। ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংগীতপ্রেমী ও ফুটবল সমর্থক সবাই এখন এই বিরল অনুষ্ঠান দেখার অপেক্ষায়।

ফিফা জানিয়েছে, এই হাফটাইম শো শুধু বিনোদন নয়, এর সঙ্গে যুক্ত একটি বৈশ্বিক সামাজিক উদ্যোগ। অনুষ্ঠানের আয় দেওয়া হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশনে। ফিফার ভাষ্য অনুযায়ী, এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও ফুটবল শেখার সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার সংগ্রহ করা।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপ ফাইনাল বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলোর একটি। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল সরাসরি দেখেছিলেন ৫০ কোটির বেশি মানুষ। তুলনায় ২০২৫ সালের সুপার বোল গড়ে দেখেছিলেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ দর্শক।

ফিফা আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ছোট আকারে হাফটাইম পারফরম্যান্স চালিয়েছিল। সেখানে গান গেয়েছিলেন ডোজা ক্যাট, টেমস ও জে বালভিন। সেই নির্বাচনে ক্রিস মার্টিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই সফলতাই ফিফাকে বিশ্বকাপ ফাইনালে বড় আকারে শো আয়োজনে উৎসাহিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আয়োজনে কেটি পেরি, লিসার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের সঞ্জয়। শাকিরার বিশ্বকাপের সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে তিনি বিশ্বজুড়ে ফুটবলভক্তদের হৃদয় জয় করেছিলেন। এখনো সেই গান বিশ্বকাপের জনপ্রিয় সংগীতগুলোর একটি। ম্যাডোনা পপসংগীতের কিংবদন্তি এবং বিটিএস বর্তমান প্রজন্মের প্রভাবশালী সংগীতদল। এই তিন শক্তির যৌথ মঞ্চ বিশাল উন্মাদনা তৈরি করবে। ১৯৯৪ সালের পর প্রথম যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ২০২৬ আসর শুরু হবে আগামী ১১ জুন থেকে।

ভ্যারাইটি অবলম্বনে