পরিচালক জাকারিয়া সৌখিন, অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনীন নীহার সমন্বয়ে গড়ে উঠেছে দর্শকপ্রিয় এক ‘টিম’। ‘মনদুয়ারী’ নাটক দিয়ে যাত্রা শুরু হয় এই টিমের। পরবর্তীতে ‘মেঘবালিকা’ নিয়ে তারা দর্শকের প্রশংসা অর্জন করে। এই ধারাবাহিকতায় ঈদুল আজহায় আসছে তাদের নতুন নাটক ‘মায়া পাখি’।

নাটকের কাহিনি কেন্দ্রীভূত মায়া নামের এক তরুণীর চারপাশে। এই তরুণী সাধারণ জীবনযাপন করে। নির্মাতার মতে, চরিত্রটিতে হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের আবহ আছে। এই মায়ার প্রেমে পড়েন সাদাত নামের এক তরুণ।

অভিনয়শিল্পী অপূর্বের কাছে ‘মায়া পাখি’ এক বিশেষ কাজ। নাটকটির জন্য তিনি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি ও শুটিংয়ে অংশ নিয়েছেন। এমনকি শুটিংয়ের আগের প্রি-প্রোডাকশন পর্যায়েও ছিলেন যুক্ত। অপূর্ব বলেন, “এবারের মায়া পাখি ভিন্ন আবহের গল্প। এমন এক অনুভূতির গল্প, যা দর্শকের মনে মায়া তৈরি করবে। আমাদের দর্শকেরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, এটি সেখান থেকে আলাদা। গল্পের শেষটা প্রত্যেক দর্শকের হৃদয়ে দাগ কাটবে বলেই বিশ্বাস করি।”

একসময় অপূর্বের সঙ্গে অভিনয় করতে ভয় লাগত বলে জানান নাজনীন নীহা। কিন্তু নিয়মিত কাজের কারণে এখন তাঁদের বোঝাপড়া বেশ ভালো হয়েছে। নীহা বলেন, “কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমাদের জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ব্যক্তিগতভাবে নাটকটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”

জাকারিয়া সৌখিন জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে।