ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে জনপ্রিয়তা পাওয়ার পর ‘দম’ চরকিতে আসছে। রেদওয়ান রনি পরিচালিত এই ছবি ২০ মে চরকিতে মুক্তি পাবে। গতকাল বুধবার দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ-বিদেশের দর্শকরা প্ল্যাটফর্মটিতে ‘দম’ দেখতে পারবেন। ব্যস্ততা বা দূরত্বের কারণে অনেকে এখনো ছবিটি দেখেননি। চরকিতে আসায় এখন বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো সময় তারা এটি উপভোগ করতে পারবেন। ফেসবুক পোস্টের মন্তব্যে এক দর্শক লিখেছেন, “দেশে থাকাকালে অনেক চেষ্টা করেও দেখতে পারিনি, এখন অপেক্ষায় রইলাম।”

পরিচালক রেদওয়ান রনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি, দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘরে বা হাতে পৌঁছে যাবে। আশা করব, দেশ-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই দম দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। আশা করছি, সবার ঈদ হবে “দমদার”।”

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “প্রেক্ষাগৃহের দর্শকেরা বলছেন, দম বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে। প্রেক্ষাগৃহে নেই বা বিদেশে বলে এখন আর কোনো বাধা থাকছে না। চরকিতে যেকোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকেরা।”

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ছবির চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি।