৭৯তম কান চলচ্চিত্র উৎসবে গতকাল সম্মানসূচক পাম দ’র গ্রহণ করেন পরিচালক পিটার জ্যাকসন। আজ তিনি উৎসবের এক মাস্টারক্লাসে অংশ নিয়ে এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে তাঁর কোনো আপত্তি নেই। তবে তাঁর আক্ষেপ, প্রযুক্তি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের কারণেই অভিনেতা অ্যান্ডি সার্কিস সম্ভবত কখনোই গোল্লাম চরিত্রে তাঁর যুগান্তকারী অভিনয়ের জন্য বড় কোনো পুরস্কার পাবেন না।’
‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিনেমায় অ্যান্ডি সার্কিস গোল্লাম চরিত্রে অভিনয় করেন। জ্যাকসনের মতে, এই অভিনয় ছিল অভিনয়শিল্প ও প্রযুক্তির অসাধারণ সমন্বয়। কিন্তু অনেকে পারফরম্যান্স ক্যাপচার প্রযুক্তিকে কেবল কম্পিউটারনির্ভর প্রক্রিয়া মনে করে থাকায় সার্কিসের অভিনয়ের সঠিক মূল্যায়ন হয়নি।
একপর্যায়ে জ্যাকসন রসিকতার সুরে বলেন, ‘এআই হয়তো পৃথিবী ধ্বংস করে দেবে, এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই। চলচ্চিত্রে এআই ব্যবহারের ধারণা আমার মোটেও অপছন্দ নয়।’ অস্কারজয়ী এই পরিচালক মনে করেন, সঠিকভাবে ব্যবহার করলে প্রযুক্তি শিল্পীর সৃজনশীলতাকে খাটো করে না, বরং অভিনয় ও গল্প বলাকে আরও সমৃদ্ধ করে।
নেপালের সিনেমার সুখবর
২০ মে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ সিনেমার প্রদর্শনী রয়েছে। নেপাল থেকে প্রথমবার মনোনয়ন পাওয়া এই ছবিটি আঁ সার্তে রিগা বিভাগে স্থান পেয়েছে। অবিনাশ বিক্রম শাহর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। গতকাল শুরু উৎসবের দ্বিতীয় দিনেই এই সুখবর এসেছে। সিনেমার আন্তর্জাতিক বিক্রয় স্বত্ব কিনেছে ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’, তারাই এটির ডিস্ট্রিবিউশন করবে। একই সঙ্গে সিনেমার ট্রেলার আজ প্রকাশিত হয়েছে।
ইউরোপের তরুণ অংশগ্রহণ
ইউরোপিয়ান ফিল্ম প্রমোশন ‘প্রডিউসারস অন দ্য মুভ’ কর্মসূচির আওতায় কান উৎসবে ইউরোপের উদীয়মান ১৮ সিনেমার প্রযোজকদের আমন্ত্রণ জানিয়েছে। আজ থেকে এই সিনেমাগুলো নিয়ে বিশেষ আয়োজন চলছে। এর মাধ্যমে উদীয়মান প্রযোজকরা তাঁদের নতুন প্রকল্প আন্তর্জাতিক বাজারে তুলে ধরছেন। নির্বাচিত প্রকল্পগুলোতে বিভিন্ন ধরনের গল্প ও নতুন নির্মাতাদের প্রথম কাজ রয়েছে, যা ভবিষ্যৎ ইউরোপীয় সিনেমায় পরিবর্তন আনবে বলে আয়োজকরা আশা করছেন।
প্রতিযোগিতামূলক শাখার দুই ছবি
আজ প্রধান প্রতিযোগিতামূলক শাখায় দুটি সিনেমার প্রদর্শনী হবে। জাপানের ‘নাগি ডায়েরি’ দেখানো হবে, যা পরিচালনা করেছেন কোজি ফুকাদা। অন্যদিকে ফ্রান্সের ‘আ ওম্যানস লাইফ’ প্রদর্শিত হবে, পরিচালিকা শার্লিন বুর্জোয়া-তাকুয়ে। সম্মানসূচক পাম দ’র হাতে পিটার জ্যাকসন জানালেন, ২৫ বছর আগে কানই তাঁকে বাঁচিয়েছিল।
ভিন ডিজেলের ভালোবাসা
‘আউট অব কম্পিটিশন’ বিভাগে হলিউডের ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমা প্রদর্শিত হবে। সিনেমার টিম প্রদর্শনীতে উপস্থিত থাকবে। অভিনেতা ভিন ডিজেল প্রদর্শনীর আগেই লালকার্পেটে পা রাখেন এবং ফটোসেশনে ভক্তদের হাত দিয়ে লাভ চিহ্ন দেখিয়ে ভালোবাসা জানান।
নজর কাড়লেন তিন নারী
লালকার্পেটে তিন নারী নজর কেড়েছেন। আঁ সার্তে রিগা বিভাগের ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াজমা’ সিনেমার প্রদর্শনী আজ। নারী পরিচালিকা জেইন শোনব্রুন তাঁর দুই অভিনেত্রী গিলিয়ান অ্যান্ডারসন ও হান্না আইনবাইন্ডারকে নিয়ে এসে দৃষ্টি আকর্ষণ করেন। সমালোচকরা নারী নির্মাতা ও অভিনেত্রীদের প্রশংসা করছেন।






