কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী রাতে গতকাল এক আবেগপূর্ণ মুহূর্ত সৃষ্টি হয়। অস্কারজয়ী ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার চলচ্চিত্র নির্মাতা পিটার জ্যাকসন সম্মানসূচক পাম দ’র পুরস্কার লাভ করেন। ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ সিনেমার অভিনেতা এলিজা উডই এই সম্মান তাঁর হাতে তুলে দেন। সিনেমাটির ২৫ বছরের পুনর্মিলনী ও সেরা অর্জনের এই অনুষ্ঠানে স্মৃতিকথা বলতে গিয়ে পিটার জ্যাকসন জানান, ২৫ বছর আগে কানই তাঁকে বাঁচিয়েছিল।

এলিজা উডের কাছ থেকে পুরস্কার নিয়ে পিটার জ্যাকসন কান চলচ্চিত্র উৎসবের অবদান তুলে ধরেন। এটাই তাঁর ক্যারিয়ারকে বড় ঝুঁকি থেকে রক্ষা করেছিল। তিনি বলেন, তিনি ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ সিনেমার তিন কিস্তি একসঙ্গে শুটিং শেষ করেছেন, যার জন্য তিন বছর সময় লেগেছে।

পিটার জ্যাকসন বলেন, “তিনটি চলচ্চিত্র একসঙ্গে নির্মাণ করার কারণে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। সেই সময় প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস তাদের মালিকানা নিয়ে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন সবাই ভেবেছিলেন আমাদের সিনেমার ভবিষৎ নেই। গণমাধ্যমে অনেকে সরাসরি বলেছিলেন প্রকল্পটি ব্যর্থ হবে। নেতিবাচক মন্তব্যে ছেয়ে গিয়েছিল।”

দর্শক-সমালোচকরা উৎসুক হয়ে শোনেন, কীভাবে কান উৎসব সিনেমার ভাগ্য বদলে দিয়েছিল। কিছুটা বিরতির পর জ্যাকসন বলেন, “সবদিক থেকেই তখন আমার সিনেমা নিয়ে নেতিবাচক খবর। এই খবরে একটি সিনেমা যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী সিনেমাগুলো নিয়েও আমাদের বিপাকে পড়তে হতো। পরে ২০০১ সালে কান উৎসবে এসে আমার সিনেমার ২০ মিনিটের ফুটেজ প্রদর্শন করি। তার পর থেকেই সিনেমাটি নিয়ে গণমাধ্যম ও দর্শকের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সবাই সিনেমাটির ২০ মিনিটের ফুজেট দেখে প্রশংসা করে খবর প্রকাশ করে। কান না থাকলে ছবিটি মুক্তির আগেই এমন প্রত্যাশা তৈরি হতো না।” পরবর্তীতে সিনেমাটি চারটি শাখায় অস্কার পুরস্কার লাভ করে।

‘দ্য ইলেকট্রিক কিস’–এর প্রদর্শনী দিয়ে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। সম্মানসূচক পাম দ’র তুলে দেন এলিজা উড। তিনি সেই দিনের স্মৃতি তুলে বলেন, “মাত্র ১৮ বছর বয়সে অডিশনের জন্য বন্ধুদের নিয়ে একটি জঙ্গলে গিয়েছিলাম। একটি ভিডিও ধারণ করে পাঠিয়েছিলাম। পরে জানতে পারি, আমিই ফ্রোডো ব্যাগিন্স চরিত্রে নির্বাচিত হয়েছি। আমি বুঝেছিলাম, আমার জীবন তখন থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেল—এর আগে এবং এর পরে। আমার জীবনটাই বদলে দেন পিটার জ্যাকসন।”

গতকাল শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসব সমাপ্ত হবে ২৩ মে। উল্লেখ্য, এর আগে কান উৎসব থেকে সম্মানসূচক পাম দ’র পুরস্কার পেয়েছেন জোডি ফস্টার, মেরিল স্ট্রিপ, রবার্ট ডি নিরো, টম ক্রুজসহ অনেকে।