হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তির চূড়ান্ত প্রস্তুতি চলছিল। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করেছে। তথ্য অধিদপ্তর একটি বিজ্ঞপ্তিতে এ বিষয় জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর এবং পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শিত হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র নিয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে কয়েকটি দৃশ্যে অংশ নেন। পরে তিনি দেখেন, তাঁর স্থিরচিত্রসহ সিনেমার পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। অভিযোগে আরও বলা হয়েছে, নাটকের উদ্দেশ্যে নেওয়া দৃশ্যগুলো অভিনেত্রীর অনুমতি ছাড়াই চলচ্চিত্রে যুক্ত করে নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এতে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই সঙ্গে অভিনেত্রী মৌসুমী ও তাঁর স্বামী ওমর সানী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এর ফলে জনমনে চলচ্চিত্রটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া গড়ে উঠেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন–২০২৩–এর ধারা ৮ অনুসারে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ (এলএফ-১৯/২০২৬, তারিখ: ১৬-০৩-২০২৬) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে ছবিটি নিয়ে বিতর্ক চলছিল। কদিন আগে চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ করেন যে, এটি কোনো সিনেমা নয়, নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছিল। মৌসুমীর পর ছোটপর্দার অভিনেত্রী জেবা জান্নাত নতুন বিতর্ক তুলেছেন। সিনেমার পোস্টারে মৌসুমীর সঙ্গে তাঁকেও দেখা যায়, কিন্তু তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এমনকি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে অভিনয় করেননি বলে জানিয়েছেন তিনি।

পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করে সন্তোষজনক উত্তর না পেয়ে জেবা জান্নাত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ করেন। টেলিভিশন অভিনেতাদের সংগঠন অ্যাক্টরস ইকুইটিতেও অভিযোগ দিয়েছেন তিনি। অভিনেতা সিয়াম মৃধাও ফেসবুকে অভিযোগ করেন যে, একটি সিরিয়ালে কাজের নাম করে সিনেমার অনেক অংশ তৈরি করা হয়েছে। আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জেবা জান্নাত অভিযোগ করেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছবির মুক্তি স্থগিত করা হয়েছে।