হাম ও হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। এর মধ্যে একজন হামে এবং সাতজন হামের উপসর্গে মৃত্যুবরণ করেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ মৃত শিশুদের মধ্যে চট্টগ্রামে একজন, ময়মনসিংহে দুজন, সিলেটে তিনজন এবং নিশ্চিত হামে মৃত এক শিশু বরিশালের।

এ তথ্য আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৩ হাজার ৫৬ শিশু। তাদের মধ্যে ৩৬৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ১৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন মারা গেছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ শিশু। তাদের মধ্যে ৩৩ হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।