আর মাত্র পনেরো দিন পরই ঈদুল আজহা। এই উৎসবের সময় মুক্তির তালিকায় থাকা বেশিরভাগ সিনেমার প্রচারণা দেখা যাচ্ছে না। কারও শুটিং এখনো শেষ হয়নি, আবার কেউ নীরবে মুক্তির পরিকল্পনা থেকে সরে যাচ্ছে। ঈদের সিনেমাগুলোর খোঁজখবর নিয়েছেন মনজুরুল আলম

‘মাসুদ রানা’ কি পারবে
প্রায় পাঁচ বছর আগে শুরু হয় ‘মাসুদ রানা’র শুটিং। টানা শুটিংয়ের পরিকল্পনা থাকলেও বিভিন্ন জটিলতা দেখা দেয়। হঠাৎ এ বছর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা করে, ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। কিন্তু শুটিং অসম্পূর্ণ ছিল, প্রচারণাও নেই। গত বৃহস্পতিবার পরিচালক সৈকত নাসির মুক্তকণ্ঠকে বলেন, “আমাদের সিনেমার সব শুটিং শেষ। এখন টানা পোস্টের কাজ চলছে। আমাদের সিনেমা ঈদেই আসবে।” তিনি আরও জানান, ২০ মে মধ্যে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদের জন্য জমা দেবেন। প্রচারণা নিয়ে তিনি বলেন, “আমাদের সিনেমা কীভাবে প্রচারণা করবে, সেই পরিকল্পনা জাজ মাল্টিমিডিয়ার রয়েছে।” প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী।

‘বনলতা সেন’ কি আসবে
গত বছর ‘বনলতা সেন’ মুক্তির কথা ছিল, কিন্তু হয়নি। এ বছর তারাই প্রথম ঘোষণা দেয়। তবে প্রচারণা এখনো শুরু হয়নি। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল গত বৃহস্পতিবার মুক্তকণ্ঠকে বললেন, “কিছু কারণে আমরা এখনো প্রচারণায় যেতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে। এখনো অফিশিয়াল ঘোষণা দিইনি। হল নিয়ে কিছু ভাবনার বিষয় রয়েছে। কারণ, সন্ধ্যা সাতটা পর্যন্ত সিনেমা হল খোলা। এর মধ্যে কতটা শো কাভার দিতে পারব, ভাবছি। সময়টা জুতসই না। এ জন্য আমাদের আরও দু–তিনটা মিটিং করতে হবে। পরেই আমরা সিদ্ধান্ত নেব। তবে এখনো আমরা আশাবাদী।” সরকারি অনুদানে নির্মিত ছবিতে নাম ভূমিকায় মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার।

‘পিনিক’ প্রচারণায় নীরবতা
আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ গত ঈদে মুক্তির কথা ছিল। পরে বড় তারকা ও হলের সংখ্যা ভেবে প্রযোজক সরে যান। এবার ঈদুল আজহায় ঘোষণা দেন। কিন্তু প্রচারণা নেই। পরিচালক জাহিদ জুয়েল বলেন, “নীরব রয়েছি, তবে প্রচারণা দিয়েই সরব হব। হল সংখ্যা যা–ই হোক, এবার আমরা কোনোভাবেই সিনেমাটির মুক্তি থেকে সরে যাচ্ছি না।” প্রযোজকের সঙ্গে এমন কথা হয়েছে। আগামীকাল থেকে গান, টিজার, ট্রেলার দিয়ে প্রচারণা শুরু হবে।

‘বিদায়’ ঈদে আছে–নাই
গত বছর শুরু হয় ‘বিদায়’-এর শুটিং। প্রায় ৯৭ ভাগ শুটিং শেষ। অল্প কিছু অংশের শুটিং শিগগির মালয়েশিয়ায় হবে, জানালেন প্রযোজক শাহরীন আক্তার। তিনি বলেন, দ্রুতই শুটিং শেষ হবে। ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সরে যেতে পারেন। “ঈদ আমাদের পরিকল্পনা আছে। তবে ঈদ ছাড়া কোনো একটি উৎসব তৈরি করে মুক্তি দেওয়ার কথাও ভাবছি।” ঈদে অনিশ্চিত কিনা জিজ্ঞাসায় তিনি বলেন, “এখনো অনিশ্চিত বলব না। শেষ মুহূর্তে কী হয়, বলা যায় না। আর সবাই ঈদে সিনেমা মুক্তি দিলে অন্য সময় কারা মুক্তি দেবে? কাউকে না কাউকে তো ঈদের বাইরে সিনেমা নিয়ে আসতে হবে।” মেহেদী হাসান পরিচালিত সিনেমায় বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি, ফারুক আহমেদ অভিনয় করেছেন।

শুভর ‘মালিক’ কত দূর
‘মালিক’-এর শুটিং শেষ। শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশন চলছে। আগামী সপ্তাহে সেন্সর সনদের জন্য জমা দেবেন পরিচালক সাইফ চন্দন। আগে থেকে শোনা যাচ্ছিল ঈদে মুক্তির কথা। তিনি বললেন, “কবে মুক্তি পাবে, এটা নিয়ে এমন কোনো ঘোষণা আমি দিইনি। এটা কেউ কেউ ছড়িয়েছে।” ঈদে আসছে না কিনা জিজ্ঞাসায় বলেন, “পোস্টের কাজটা আরেকটু গুছিয়ে নিতে চাইছি। এ জন্য হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে। তারপরই সিদ্ধান্ত, ফাইনালি ঈদে আসবে কি না।” আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন।

‘নাকফুলের কাব্য’ আসছে
দুই বছর আগে ‘নাকফুলের কাব্য’ সেন্সর সনদ পায়। কিন্তু নানা কারণে মুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাল, ঈদে মুক্তি পাবে। পরিচালক আলোক হাসান বলেন, “সিনেমাটি ঈদে আসবে নিশ্চিত। সেভাবেই সব কাজ এগিয়ে চলেছে। সিনেমার তিনটি গানের একটি এ সপ্তাহে মুক্তি দেব। পরে ট্রেলার, টিজার আসবে।” আদর আজাদ ও পূজা চেরী অভিনয় করেছেন।

১৭ মে থেকে মাঠে ‘রইদ’
চার বছর বিরতির পর ‘রইদ’ নিয়ে ফিরছেন মেজবাউর রহমান সুমন। ট্রেলার, পোস্টার ও গান আলোচনায় এসেছে। পরিচালক জানালেন, ঈদ ঘিরে প্রচারণা চলছে। গত বৃহস্পতিবার সর্বশেষ গান মুক্তি পায়। সুমন মুক্তকণ্ঠকে বলেন, “আমরা প্রস্তুত। ১৭ মে পুরো টিম নিয়ে থাকব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গায় প্রচারণায় সরব হব। টানা ঈদ পর্যন্ত চলবে প্রচারণা।” শেষ পোস্ট কাজ গুছিয়ে নিচ্ছেন। সব ঠিক থাকলে এ সপ্তাহে সেন্সরে যাবে। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি প্রধান চরিত্রে।

আলোচনায় ‘রকস্টার’
গত মাস থেকে ‘রকস্টার’ আলোচনায়। প্রথমে লুক প্রকাশ, তারপর অ্যানিমেশন টিজার। ভিন্ন শাকিব খান দেখে দর্শকরা মুগ্ধ। টিজার আলোচিত। গত শুক্রবার ঢাকার শুটিং শেষ, সোমবার গাজীপুরে সম্পূর্ণ। সম্পাদনা চলছে। আগামী সপ্তাহে সেন্সরে। পরিচালক আজমান রুশো বলেন, “আমাদের সিনেমার শুটিং শেষ মুহূর্তে। এর মধ্যে পোস্টের কাজ চলছে। সামনে নিয়মিত প্রচারে চমক থাকবে।” শাকিবের বিপরীতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা।