পূর্বের অশালীন গানের বিতর্ক কাটোনোর আগেই নোরা ফাতেহির নতুন গান ‘বডি রোল’ নিয়ে উত্তেজনা। হানি সিংয়ের সঙ্গে এই গানের ভিডিও নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘লাভ, ডেথ+রোবটস’-এর ‘জিবারো’ পর্ব থেকে প্রায় হুবহু অনুকরণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রবল প্রতিক্রিয়া।

আগে ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি সমালোচনার মুখে পড়েন। গানটির কথা ও নাচ অশালীন বলে সমালোচিত হয়। পরে গানটি সরিয়ে নেওয়া হয়, ভারতের জাতীয় নারী কমিশনে হাজিরা দিয়ে ক্ষমাও চেয়েছেন তারা। সেই বিতর্কের ধোঁয়া কাটতে না কাটতেই এসেছে নতুন ঝড়।

গত শনিবার ইউটিউবে মুক্তি পায় ‘বডি রোল’। মুক্তির কয়েক দিনের মধ্যেই ভিডিওটি ২০ লাখের বেশি ভিউ পায়। ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এর ক্লিপগুলো। ভিডিওতে গয়নায় মোড়া এক রহস্যময় নারী হ্রদ থেকে উঠে এসে যোদ্ধাকে আকর্ষণ করার চেষ্টা করে। স্বপ্নিল পরিবেশ, জঙ্গলের পটভূমি, ভারী অলংকার ও সোনালি পোশাকে নোরা ফাতেহি।

কিন্তু মুক্তির পরপরই অনেক দর্শক লক্ষ করেন ভিডিওর সঙ্গে ‘লাভ, ডেথ+রোবটস’-এর ‘জিবারো’ পর্বের বিস্ময়কর মিল। বিশেষ করে শুরুর দৃশ্য, পোশাক, চরিত্রের সাজসজ্জা এমনকি ক্যামেরার ভাষাও ‘জিবারো’র কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন অনেকে।

‘বডি রোল’-এর শুরুতে মধ্যযুগীয় পোশাকের এক ব্যক্তি জঙ্গল দিয়ে দৌড়ে এসে হ্রদের পানি পান করে। তার শরীরে ট্যাটু, গায়ে গয়না। ঠিক তখন হ্রদ থেকে উঠে আসে সোনালি অলংকারে ঢাকা এক নারী। তারপর শুরু হয় নোরার নাচ।

অন্যদিকে ২০২২ সালে মুক্ত ‘জিবারো’ পর্বেও অ্যামাজনের গভীর জঙ্গলে এক কনকুইস্তাদোর বা স্প্যানিশ যোদ্ধা রহস্যময় ‘সাইরেন’-সদৃশ নারীর মুখোমুখি হয়। সেই নারীও সোনালি অলংকারে ঢাকা, হ্রদ থেকে উঠে আসে। যোদ্ধার গায়েও ট্যাটু ও ধাতব অলংকার ছিল। এই মিলগুলোকে ‘অস্বাভাবিক রকমের কাছাকাছি’ বলছেন দর্শকেরা।

ইউটিউবের মন্তব্যে বিতর্ক ছড়িয়ে পড়ে। একজন লিখেছেন, “এটা পুরোপুরি ‘জিবারো’ ভাইব দিচ্ছে। তবে টুইস্টটা ভালো লেগেছে।” আরেকজন বলেন, “ভিজ্যুয়াল পুরো ‘লাভ, ডেথ অ্যান্ড রোবটস’ থেকে কপি করা।” কেউ কড়া ভাষায় লিখেছেন, “যারা নকল করে, তারা কখনো মৌলিক কিছু তৈরি করতে পারে না।”

ইনস্টাগ্রামেও তুমুল আলোচনা। কনটেন্ট নির্মাতা ফিল্মি সোনিয়া দুই ভিডিওর দৃশ্য পাশাপাশি রেখে তুলনামূলক ভিডিও পোস্ট করেন। একজন মন্তব্য করেন, “টিজার দেখেই মনে হয়েছিল এটা ‘জিবারো’। পরে বুঝলাম, পুরোপুরি কপি।”

তবে সবাই সমালোচক নন। কেউ বলছেন, এটি সরাসরি নকল নয়, বরং ‘অনুপ্রাণিত’। যদিও অনেকে এ যুক্তি মানছেন না। এক ব্যবহারকারী লিখেছেন, “বলিউডের নকল করার ইতিহাস আছে। তাই এটাকে শুধু ‘ইনস্পায়ার্ড’ বলা কঠিন। কোনো স্বীকৃতি ছাড়াই এভাবে মূল শিল্পকর্ম ব্যবহার করা হতাশাজনক।”

‘লাভ, ডেথ+রোবটস’ নির্মাণ করেছিলেন টিম মিলার। প্রযুক্তি, হরর, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মিশেলে তৈরি এই অ্যানিমেটেড অ্যান্থলজি সিরিজের প্রতিটি পর্ব আলাদা গল্প নিয়ে। ‘জিবারো’ ছিল তৃতীয় মৌসুমের নবম পর্ব, পরিচালনা করেন আলবারতো মিলগো। ১৭ মিনিটের এই পর্ব মুক্তির পর সমালোচক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়।

এদিকে নোরা ফাতেহি বা হানি সিং কেউই এখনো বিতর্ক নিয়ে মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে আলোচনা থামছে না। অনেকে প্রশ্ন তুলছেন, অনুপ্রেরণা আর অনুকরণের সীমারেখা কোথায়?

হিন্দুস্তান টাইমস অবলম্বনে