দেশে হাম ও এর উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ শিশু এবং উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আজ মঙ্গলবার হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (১১ মে সকাল আটটা থেকে ১২ মে সকাল আটটা) এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।
এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ প্রকাশ পেয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫১ হাজার ৫৬৭-এ পৌঁছেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে ৮৭ শিশু শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ শিশুর শরীরে হাম ধরা পড়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। এদের মধ্যে ৩২ হাজার ৮৭৭ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।






