বলিউডের নবাব পরিবার নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। পর্দার আড়ালে সোহা আলী খান, সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক জীবন নিয়েই নিয়মিত আলোচনা হয়। এবার সোহা এই পরিবারের কিছু মজার অন্দরকথা শেয়ার করেছেন।
সম্প্রতি এক আলাপচারিতায় অভিনেত্রী জানিয়েছেন, জীবনের বিভিন্ন বিষয়ে তিনি পরিবারের আলাদা সদস্যদের কাছ থেকে পরামর্শ নেন। সম্পর্ক নিয়ে কথা বলার জন্য তিনি ভরসা করেন ভাই সাইফ আলী খানের ওপর। আর বলিউডের গসিপ বা অন্দরমহলের খবর জানতে তাঁর প্রথম পছন্দ কারিনা কাপুর খান।
সাক্ষাৎকারে সোহাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়, ফ্যাশন বা স্টাইলিং নিয়ে তিনি কার কাছ থেকে পরামর্শ নেন। উত্তরে অভিনেত্রী বলেন, এখন তাঁর সবচেয়ে বড় ‘ফ্যাশন কনসালট্যান্ট’ হয়ে উঠেছে মেয়ে ইনায়া নওমি খেমু। ছোট্ট ইনায়া নাকি মায়ের পোশাক নিয়েও মতামত দেয়।
এরপর মজার ছলে সোহা স্বামী কুনাল খেমুকে নিয়ে কথা বলেন। তিনি জানান, কুনালের কাছে পরামর্শ চাওয়া হোক বা না হোক, তিনি নিয়মিতই স্টাইলিং পরামর্শ দিয়ে থাকেন। এই মন্তব্যে অনুষ্ঠানে হাসির রোল ওঠে।
তবে সম্পর্কের জটিলতা বা দাম্পত্য বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সোহার প্রথম পছন্দ তাঁর ভাই সাইফ আলী খান। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। সোহার ভাষায়, ‘এখন আমার খুব বেশি পুরুষ বন্ধু নেই। তাই কোনো বিষয়ে পুরুষদের দৃষ্টিভঙ্গি বুঝতে চাইলে ভাইয়ের সঙ্গে কথা বলি। সে কুনালের পক্ষ নেয় না, কিন্তু পুরুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে।’
সোহা আরও বলেন, ভাই হিসেবে সাইফ সব সময় খুব বাস্তববাদী পরামর্শ দেন। কোনো বিষয়ে আবেগপ্রবণ না হয়ে তিনি পরিস্থিতিকে অন্য দিক থেকেও ভাবতে শেখান। অন্যদিকে সন্তান পালন নিয়ে কঠিন মুহূর্তে সবচেয়ে বেশি পাশে থাকেন কুনাল খেমু। সোহা জানান, মাতৃত্বের চাপ বা ‘প্যারেন্টিং মেল্টডাউন’-এর সময় কুনাল তাঁকে শান্ত হতে সাহায্য করেন।
তবে সবচেয়ে মজার অংশ ছিল কারিনা কাপুর খানকে নিয়ে তাঁর মন্তব্য। বলিউডের অন্দরমহলের খবর জানার জন্য তিনি নাকি কারিনার কাছেই যান। যদিও কারিনাকে সরাসরি ‘গসিপপ্রিয়’ বলতে নারাজ সোহা। তিনি বলেন, ‘কারিনা আসলে গসিপ করে না। কিন্তু অবিশ্বাস্যভাবে সে এমন সব মানুষের ব্যাপারে তথ্য জানে, যাঁদের কথা আপনি ভাবতেও পারবেন না। ওর পর্যবেক্ষণ দারুণ। নিশ্চয়ই এমন কোনো বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যেখানে আমি যোগ দিতে চাই।’
সোহার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, কারিনা কাপুর খান বরাবরই বলিউডের সবচেয়ে আপডেটেড তারকাদের একজন। কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছে এই তারকা পরিবার। সোহাকে সবশেষ দেখা গেছে ‘ছোরি ২’ ছবিতে। ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হলেও সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বর্তমানে তিনি নিজের পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে সাইফ অপেক্ষায় আছেন তাঁর নতুন ছবি ‘কর্তব্য’ মুক্তির জন্য।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে






