জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাটবাড়ি এলাকায় গতকাল সোমবার রাতে লিচুর বিচি গলায় আটকে ১০ বছর বয়সী শিশু ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে।

ইয়াসিন মিয়া স্থানীয় মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে। সে এই এলাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শাহীন মিয়া বাজার থেকে পরিবারের জন্য লিচু কিনে বাড়ি নিয়ে আসেন। লিচু খাওয়ার সময় অসতর্কতায় ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের লোকেরা তাকে তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, “শিশুটিকে তার পরিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিল। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”