ক্রিকেট ও সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ।
গত রোববার (১৬ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য মোট ৫০ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকতের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করা শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও সুনাম বয়ে আনে। এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো কাজে উৎসাহিত করবে। সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্ব দিতে হবে।"