ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মুক্তকণ্ঠ ডটকম আয়োজিত ‘ইউসিএসআই ফুটবল মাস্টার’ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত ২০ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হন।
রাজধানীর কারওয়ান বাজারে মুক্তকণ্ঠের কার্যালয়ে আজ রোববার বিজয়ী ব্যক্তিদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। ছয়জন বিজয়ী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। বাকি ১৪ জনের পুরস্কার তাঁদের ঠিকানায় পাঠানো হয়েছে।
কুইজ বিজয়ী ২০ জন হলেন—ঢাকার শওকত হোসেন, রাকেশ রঞ্জন নাগ, মো. সোহেল মিয়া, রফিউল কলিম রিফাত, মামুন হোসেন, ডা. নিখিল চন্দ্র সাহা, ফৌজিয়া ইসলাম, শেখ সুফিয়ান, কাওসারা বেগম, সজীব বড়ুয়া, চট্টগ্রামের এইচএম রিয়াজ, জয় চৌধুরী, আবদুল জব্বার বাপ্পি, রৌশন আরা বেগম, পুষ্পিতা পাল, নারায়ণগঞ্জের জাকির হোসেন, উম্মে মারুফা আশা, ব্রাহ্মণবাড়িয়ার মো. আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জের মো. আশরাফুল আলম এবং গাজীপুরের নিশাথ সুবাহ প্রভা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রভোস্ট মেজর (অব.) সুমন সুবহান, ডেপুটি ডিরেক্টর (পিআর) সাইফুল ইসলাম এবং মুক্তকণ্ঠের হেড অব অনলাইন শওকত হোসেন ও চিফ ডিজিটাল বিজনেস অফিসার এবিএম জাবেদ সুলতান।
বিজয়ী ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে সুমন সুবহান বলেন, ‘এ আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার শীর্ষস্থানীয়, যেটির ব্রাঞ্চ ক্যাম্পাস বাংলাদেশে পরিচালিত হয়। বিদেশে না গিয়েই বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। সবাইকে আমাদের ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ রইল।’
আগামীতেও উচ্চশিক্ষাসংক্রান্ত কার্যক্রমসহ এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘মুক্তকণ্ঠের সঙ্গে আমরা যৌথভাবে অনেক আয়োজন করি, এটিও তারই অংশ। যা কিছু ভালো তার সঙ্গে যেমন মুক্তকণ্ঠ থাকে, আমরাও থাকি।’
শওকত হোসেন বলেন, ‘আমরা আশা করব, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস ভবিষ্যতে মুক্তকণ্ঠের সঙ্গে এমন উদ্যোগে অংশ নেবে। যার মাধ্যমে পাঠক–দর্শকসহ শিক্ষার্থীরাও এ ধরনের ক্যাম্পাস সম্পর্কে জানতে আগ্রহী হবে। বিজয়ীদের প্রতি চাওয়া, ভবিষ্যতেও আপনারা আমাদের এ ধরনের আয়োজনে সঙ্গে থাকবেন।’
মুক্তকণ্ঠ ডটকম বিশ্বকাপ উপলক্ষে নানা ধরনের আয়োজন করেছে উল্লেখ করে এবিএম জাবেদ সুলতান বলেন, ‘এমন আয়োজনে আমরা ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসকে সঙ্গে পেয়েছি। “ইউসিএসআই ফুটবল মাস্টার” কুইজ প্রতিযোগিতাটি ফুটবলপ্রেমী পাঠক–দর্শকদের উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা যোগ করেছে।’
কুইজ বিজয়ী ঢাকার রাকেশ রঞ্জন নাগ বলেন, ‘অনেকেই মনে করেন পড়াশোনা আর খেলাধুলা পরস্পরের বিপরীত। কিন্তু যখন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এ ধরনের কুইজ প্রতিযোগিতায় একটি বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত হয়, তখন স্বাভাবিকভাবে ধারণাটি পাল্টে যায়। মুক্তকণ্ঠ ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসকে ধন্যবাদ এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য।’
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তকণ্ঠের ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, উপব্যবস্থাপক বিবর্ধন রায়, ভক্ত সাগর উর্মি নিতু, সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান, জ্যেষ্ঠ নির্বাহী নুসরাত জাহান এবং আয়োজনটির সহযোগী এজেন্সি মিডিয়া মাত্রার জ্যেষ্ঠ নির্বাহী সাবিত লোকমান, রুহুল সাখাওয়াত ও আফিফা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তকণ্ঠের সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।
ucsifootballmaster.com ওয়েবসাইটে প্রায় ১৬ হাজার প্রতিযোগী ৩২ হাজার বার কুইজ খেলেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যাম্পেইনটির মোট রিচ ছিল দুই কোটি।