রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১২ নভেম্বর থেকে প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এই সময়সূচি ও আবেদন সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসন ভবন-১-এর সভাকক্ষে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এরপর ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের যাতায়াত ও অবস্থানের কষ্ট লাঘব করতে এবার উপকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পাশাপাশি এবার সিলেট ও ময়মনসিংহেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।