২০০০-এর দশকের শুরুতে দক্ষিণ ভারতীয় সিনেমার পর্দায় রীমা সেনের ছিল অপরাজিত আধিপত্য। ‘পাশের বাড়ির মেয়ে’র চরিত্রে তামিল ও তেলুগু দর্শকদের হৃদয় জয় করা এই অভিনেত্রী এখন যেন ছায়াময় জীবনে রয়েছেন। সাফল্যের চূড়ায় পৌঁছে কেন তিনি গ্ল্যামারের জগৎ ত্যাগ করলেন, সেই কাহিনি অনেকটা রহস্যময়।

কলকাতায় জন্মগ্রহণকারী রীমা সেন অল্প বয়সেই মডেলিংয়ে পা রাখেন। নব্বইয়ের দশকের শেষভাগে জনপ্রিয় মিউজিক ভিডিওগুলোতে তাঁর জমকালো উপস্থিতি তাঁকে সবার কাছে পরিচিত করে তোলে। সেই সময়ের হিট অ্যালবামের ভিডিওতে তাঁর প্রাণচঞ্চলতা নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সেখান থেকে খোলে চলচ্চিত্রের পথ।

২০০০ সালে তেলুগু ছবি ‘চিত্রাম’ নিয়ে তাঁর অভিনয়জীবনের সূচনা হয়। প্রথম ছবিই দর্শকের মন কাড়িয়ে নেয়। কিন্তু তারকা হয়ে ওঠার জন্য তাঁকে বেশি অপেক্ষা করতে হয়নি। ২০০১ সালে ‘মিনালে’ মুক্তি পায় আর রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন আর মাধবন।

‘ভাসেগারা’ গানটি যেন তাঁর ক্যারিয়ারের স্বাক্ষর হয়ে ওঠে। কলেজের রোমান্সের পরিবেশ, সরল মুখভঙ্গি এবং সহজসুলভ পর্দা উপস্থিতি—সবকিছু মিলে রীমা সেন হয়ে ওঠেন সেই যুগের রোমান্টিক নায়িকাদের অন্যতম প্রতিনিধি। আজও গানটি বাজলে অনেক দর্শকের মনে ভেসে ওঠে তাঁর হাসি এবং স্বাভাবিক অভিনয়।

তারপর তামিল ও তেলুগু চলচ্চিত্র জগতে একের পর এক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেন তিনি। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধরনের ভূমিকায়ও তাঁকে দেখা যায়। কখনো রোমান্টিক নায়িকা, কখনো সাহসী বা নেতিবাচক চরিত্র—প্রত্যেকটিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন তিনি। তাঁর যাত্রা দক্ষিণি সিনেমার সীমা অতিক্রম করে বলিউডে পৌঁছে। ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এ তাঁর অভিনয় সমালোচকদের খুব ভাবায়। সেই ছবিই ছিল তাঁর শেষ চলচ্চিত্র।

ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি ব্যক্তিগত জীবনের দিকে মনোনিবেশ করেন। ২০১২ সালে ব্যবসায়ী শিব করণ সিংকে বিয়ে করেন রীমা। পরের বছর মা হওয়ার পর প্রায় নীরবে সিনেমা জগৎ থেকে সরে যান। কোনো আনুষ্ঠানিক বিদায় বা ঘোষণা ছাড়াই ধীরে ধীরে আলোকিত জগৎ থেকে দূরে সরে আসেন তিনি।

অনেকে ভেবেছিলেন, হয়তো আবার ফিরবেন। কিন্তু রীমা নিজের সিদ্ধান্তে দৃঢ়প্রতিজ্ঞ। পরিবার, সন্তান এবং ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়ে মিডিয়া ও লাইমলাইট থেকে দূরত্ব বজায় রাখেন। সোশ্যাল মিডিয়ায়ও তিনি খুব কম সক্রিয়, জনসম্মুখে আরও কম দেখা পাওয়া যায়।

আড়ালে থাকলেও তাঁর জনপ্রিয়তা কমেনি। পুরনো গান, পুরনো ছবি বা দক্ষিণি সিনেমার নস্টালজিয়া নিয়ে কথা উঠলেই ফিরে আসে রীমা সেনের নাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে