লিভারের জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে নিয়ে আজ সোমবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স চেন্নাই রওনা হয়।

কারিনার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তাঁর মা ও দুই ভাই। তবে তাঁর বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ যাননি। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড়ের জন্য তাঁকে আপাতত দেশে থাকতে হচ্ছে।

রাতেই মুক্তকণ্ঠকে কায়সার হামিদ বলেন, “দেশে আমার কিছু কাজ এখনো বাকি। ব্যয়বহুল চিকিৎসা, তাই অনেক টাকার সংস্থান করতে হচ্ছে। সে কারণে আমি এখন যাচ্ছি না। আমার স্ত্রী ও সন্তানেরা ওর সঙ্গে আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”

এর আগে সোমবার দুপুরে তিনি জানান, কারিনাকে নিতে চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। একই সঙ্গে পরিবার ভারতের ভিসাও হাতে পেয়েছে। তবে চিকিৎসা, হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবার চরম আর্থিক চাপে পড়েছে। সে সময় কায়সার হামিদ বলেন, পরিবারের কিছু ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে, পাশাপাশি জমি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে।

গত শুক্রবার রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা কায়সার। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থা দ্রুত খারাপ হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে সংক্রমণ হয়েছে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বেড়ে লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানিয়েছেন, তাঁর অবস্থা অপরিবর্তিত থাকলেও রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিককালে অভিনয় ও চিত্রনাট্য লেখায় ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাঁকে জনপ্রিয় করে। পরে ওটিটি ও নাটকের জগতে নিজের জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’ ছাড়াও বিভিন্ন নাটক ও ডিজিটাল কনটেন্ট। সহশিল্পী ও নির্মাতাদের কাছে প্রাণবন্ত ও পরিশ্রমী একজন মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তাঁর হঠাৎ অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা।