জঙ্গলের মধ্যে অভিনেত্রী হাঁটছেন, পাশে সাফারি গাড়ি দাঁড়িয়ে—সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় উঠেছে। বন বিভাগের নিয়ম লঙ্ঘন করে কি বলিউড তারকা রাকুলপ্রীত সিং বিশেষ সুবিধা পেয়েছেন, এই প্রশ্নে জল্পনা-কল্পনা চলছে। ভারতের গুজরাটের গির ন্যাশনাল পার্কে তাঁর সফরের ভিডিও নিয়ে শেষমেশ বন কর্মকর্তারাও ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন।

নিজের নতুন ছবি ‘পতি পত্মী অউর ওহ দো’র প্রচারের জন্য সম্প্রতি গির অরণ্যে গিয়েছিলেন রাকুলপ্রীত সিং। সঙ্গে ছিলেন ছবির অন্যান্য সদস্যরা। সেখানকার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ অভিযোগ করেন, সাধারণ পর্যটকদের সাফারি গাড়ি থেকে নামতে নিষেধ যেখানে, সেখানে তারকাকে জঙ্গলে হাঁটার অনুমতি কীভাবে দেওয়া হলো? অনেকে এটাকে ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ বলে কটাক্ষ করেছেন।

বিতর্কের মাত্রা বাড়তেই গির উদ্যান কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, ভাইরাল ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে নেওয়া হয়নি। এটি মূল অভয়ারণ্যে প্রবেশের নির্ধারিত গেটের বাইরের অংশে তোলা হয়েছে।

এক কর্মকর্তা বলেন, “আমরা আমাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলের মাধ্যমে আগেই ব্যাখ্যা দিয়েছি। ভিডিওটি সাসান অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের অংশে ধারণ করা হয়েছে। সংরক্ষিত এলাকায় ঢোকার পর কেউ গাড়ি থেকে নামতে পারেন না। ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের।”

কর্মকর্তাদের দাবি, কোনো নিয়ম ভাঙা হয়নি। বরং রাকুলপ্রীত সিং-এর সফরটি শেষ হয়নি। অভয়ারণ্যে প্রবেশের আগেই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে তাঁর দল তাঁকে নিয়ে ফিরে যায়। ফলে তিনি জঙ্গলের ভিতরে ঢোকেননি।

এই ব্যাখ্যা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক পুরোপুরি থামেনি। তারকাদের প্রতি সাধারণ মানুষের কৌতূহল তীব্র এবং তাঁদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হয়। বিশেষ করে পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ বা সরকারি নিয়মের মতো স্পর্শকাতর বিষয়ে সেলিব্রিটিদের উপস্থিতি প্রায়ই আলোচনার সৃষ্টি করে।

এদিকে, কাজের দিক থেকে ব্যস্ত রাকুলপ্রীত সিং-এর নতুন ছবি ‘পতি পত্মী অউর ওহ দো’ ১৫ মে মুক্তি পাবে। ছবিতে তাঁর সঙ্গে আছেন আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওয়ামিকা গাব্বি। পরিচালক মুদাসসর আজিজ। ২০১৯ সালের হিট ছবি ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েল এই চলচ্চিত্র নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ জমেছে। আর গির অরণ্যের ভাইরাল ভিডিওটি মুক্তির আগেই রাকুলকে নতুন আলোচনায় এনেছে।

বলিউড হাঙ্গামা অবলম্বনে