গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর নাট্যজন আতাউর রহমানের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। প্রথমে তাঁকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পরশু কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়া হয়। কিন্তু গতকাল অবস্থার আবার অবনতি ঘটায় তাঁকে লাইফ সাপোর্টে ফিরিয়ে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানান, তাঁর আইসিইউ সাপোর্ট প্রয়োজন।

আজ সোমবার দুপুরে মুক্তকণ্ঠকে খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান। মুক্তকণ্ঠের সঙ্গে কথা বলে শর্মিষ্ঠা রহমান বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

বাংলাদেশের সাংস্কৃতিক জগতে বহুমাত্রিক পরিচিতি অর্জন করেছেন আতাউর রহমান। তিনি নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে পরিচিত। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণকারী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।