রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তরা দ্বিতীয়বার চা-দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুই বছর আগে একইভাবে দোকান ও পানের বরজ পুড়িয়ে দিয়েছিল তারা। ঋণ নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন চা-দোকানি মেহেদী হাসান। কিন্তু গতকাল রোববার রাতে আবারও একই ঘটনা ঘটে।

মেহেদী হাসানের বাড়ি বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। তিনি জানান, এ ঘটনায় দোকানের মালামাল ও টিন পুড়ে গিয়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার রাত প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা দোকানে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা তাঁকে খবর দেন। পরে রাতে তিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাহায্যে আগুন নেভান। ততক্ষণে দোকানের মালামালসহ টিনের অবকাঠামো পুড়ে যায়।

মেহেদী হাসান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ঋণ নিয়ে দোকানে নতুন মালামাল তুলেছিলাম। দোকানের বাকি টাকা চাওয়া নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই আগুন লাগানো হয়ে থাকতে পারে। এর আগেও আমার এই দোকান ও পানের বরজে আগুন দেওয়া হয়েছিল। এবারও পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।’ এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।