গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গে দেশে আরও ৬ শিশু মারা গেছে। এসব শিশুর কারও হাম শনাক্ত হয়নি।
এ সময় সারা দেশে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ প্রকাশ পেয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। মৃত্যুর মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ এবং ময়মনসিংহে ১ শিশু রয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্যগুলো প্রকাশ করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৫০ শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে হাম শনাক্তের পর ৬৫ শিশু মারা গেছে। মোট ৪১৫ শিশু প্রাণ হারিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫০ হাজার ৫০০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে ৩৫ হাজার ৯৮০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৯৯২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গত ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






