পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে আয় বাড়াতে বিদেশি পর্যটকদের আনার উপর জোর দিন এমন আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, একমাত্র বৈদেশিক মুদ্রাই এই খাতকে এগিয়ে নিতে পারে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করার ব্যবস্থা করা হবে।
গতকাল রোববার সন্ধ্যায় রাঙামাটির বার্গি লেকভ্যালি রিসোর্টে পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাত নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে এই সভা।
সভায় পর্যটন খাতের উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রণোদনা দেওয়ার প্রতিশ্রুতি দেন দীপেন দেওয়ান। তিনি বলেন, বিদেশি পর্যটক না আসার কারণ খুঁজতে হবে। অনেকে নিরাপত্তার দোহাই দিয়ে আসে না। এটাও ঠিক, নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপত্তার অজুহাতে পর্যটন খাতকে অবহেলা করলে হবে না। এসব বিষয় আন্তমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সমাধান সম্ভব।
মন্ত্রী আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এসব নিয়ে একসঙ্গে কাজ করবে। আমরা চাই বিদেশিরা এখানে আসুক। বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরুক।’ এসব বিষয়ে গণমাধ্যমও ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।






