ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। মুক্তির প্রায় দেড় মাস পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ খোঁজ নিয়েছেন মকফুল হোসেন।
‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। গত ১৬ মার্চ কর্তন সাপেক্ষে ‘অ্যাডাল্ট’ সনদ দেওয়া হয়েছিল সিনেমাটিকে। কিন্তু ৬ মে সেই সনদ স্থগিত ঘোষণা করেছে বোর্ড। তারা জানিয়েছে, পুনরায় অঙ্গীকার না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো হলে সিনেমাটি দেখানো যাবে না।
কর্তন করা দৃশ্য জুড়ে দিয়েছেন প্রযোজক
সার্টিফিকেশন বোর্ড সিনেমার ছাড়পত্র দেওয়ার সময় কয়েকটি দৃশ্য কর্তনের নির্দেশ দিয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক সদস্য মুক্তকণ্ঠকে জানান, মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচার মানুষকে কুপিয়ে হত্যার দৃশ্য বাদ দেওয়া হয়েছিল। এছাড়া চাপাতি দিয়ে একজনের হাত ও গলা কাটার দৃশ্যও বাদ পড়েছিল। এসব দৃশ্য বাদ দেওয়ার অঙ্গীকার করে প্রযোজক সনদ নেন।
কিন্তু শেষমেশ অঙ্গীকার না রেখে কর্তনকৃত দৃশ্যগুলো সিনেমায় জুড়ে দেওয়া হয়। সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন মুক্তকণ্ঠকে জানান, প্রযোজক কর্তনকৃত দৃশ্যসহ সিনেমাটি হলে মুক্তি দিয়েছেন। এছাড়া সার্টিফিকেশনবিহীন নতুন দৃশ্যও যুক্ত হয়েছে। এতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ লঙ্ঘিত হয়েছে।
সিনেমা হলে গোপন নজরদারি
সার্টিফিকেশনবিহীন দৃশ্য দেখানোর অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বোর্ড। তিন চলচ্চিত্র পরিদর্শক মার্চ মাসের শেষ সপ্তাহে গোপনে ঢাকার মধুমিতা, যশোরের মণিহার, রংপুরের শাপলা টকিজ, গাইবান্ধার তাজ, সৈয়দপুরের তামান্না, চট্টগ্রামের সুগন্ধা, সিনেমা প্যালেসসহ বিভিন্ন হলে ‘প্রিন্স’ দেখেন।
নাম প্রকাশ না করার শর্তে এক পরিদর্শক জানান, সার্টিফিকেশন সনদপ্রাপ্ত কপিও তারা দেখেছেন এবং কোন দৃশ্য বাদ পড়েছে তা জানতেন। হলে গিয়ে দেখেন, বাদ দেওয়া দৃশ্যগুলো আছে। একাধিক হল ঘুরে ঘটনা যাচাই করে তারা প্রতিবেদন জমা দেন।
সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রযোজক শিরিন সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। মো. মঈনউদ্দীন বলেন, প্রযোজক যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। ফলে সনদ স্থগিত করা হয়েছে।
পরিবেশক কী বলছে
সিনেমার ডিস্ট্রিবিউশন করে জাজ মাল্টিমিডিয়া। তারা দায় চাপিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ওপর। জাজ মাল্টিমিডিয়ার প্রযুক্তি কর্মকর্তা সৈকত খান বলেন, “আমরা সিনেমা প্রদর্শনের মাধ্যম। সিনেমায় কী থাকবে, কী থাকবে না—সেটা প্রযোজকের দায়িত্ব। এখানে আমাদের কোনো হাত নেই।”
সনদ স্থগিতের খবরে লায়ন সিনেমাস সব হল থেকে ‘প্রিন্স’ সরিয়ে নিয়েছে। দেশের কোথাও সিনেমাটি এখন চলছে না।
প্রযোজকের দায় দেখছে সার্টিফিকেশন বোর্ড
ঘটনায় প্রযোজক শিরিন সুলতানার দায় দেখছে বোর্ড। তিনিই সার্টিফিকেশনবিহীন অংশসহ সিনেমা মুক্তি দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় অভিযোগ নিয়ে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয় এড়িয়ে যান, কোনো উত্তর দেননি।






