ক্যাম্প ন্যুতে গতকাল রাতে বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেছে। এই জয়ে কাতালানরা উৎসবের আমেজে মেতে উঠেছে। তবে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের জন্য এই দিনটি ছিল আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতিতে ভরা।
এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার মৃত্যুর খবর আসে। ব্যক্তিগত শোক সত্ত্বেও পেশাদারত্বকে প্রাধান্য দিয়ে জার্মান কোচটি ডাগআউটে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন।
ম্যাচের পর ফ্লিক বলেন, খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দিয়েছেন। বাবার মৃত্যুর শোকের মধ্যে লিগ শিরোপা নিশ্চিত হওয়ার অনুভূতি তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন, “আজ সকালে আমার মা আমাকে ফোন করে জানান যে বাবা মারা গেছেন। তখন আমি ভাবছিলাম, আমি কি এটা গোপন রাখব, নাকি দলের সঙ্গে শেয়ার করব? আমার কাছে এটা একটা পরিবারের মতো, তাই আমি সিদ্ধান্ত নিই, খেলোয়াড়দের জানাব। আমি এই মুহূর্তটি কখনো ভুলব না। দিনটা আমার জন্য কঠিন ছিল।”
ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দ বার্সেলোনার জন্য অতিরিক্ত। ফ্লিকও বললেন, “সমর্থকদের সামনে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এটা খুবই চমৎকার। বোঝাই যাচ্ছে, জেতাটা সহজ ছিল না। সবাই ভেবেছিল আমরা হয়তো জিততে পারব, কিন্তু রিয়াল মাদ্রিদও দুর্দান্ত দল। তবু আমরা ভালো খেলেছি, ভালোভাবে রক্ষণ সামলেছি।”
মৌসুমজুড়ে একের পর এক চোটের কারণে বার্সেলোনার লিগ জয়ের পথ সহজ ছিল না। তবু ফ্লিকের দল হাল না ছাড়িয়ে লড়াই চালিয়ে যায়। ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করার পর ফ্লিক বললেন, “চোট-আঘাত আমাদের জন্য কাজটা সহজ করেনি, তারপরও আমরা দারুণভাবে খেলেছি। লিগের এই শেষ পর্বে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি। রক্ষণভাগে আমরা কিছু ভালো কাজ করেছি। কুবারসি, জেরার্ড মার্টিন, এরিক—সবাই অসাধারণ খেলেছে।”
লিগে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য এখনো আসেনি বার্সেলোনার। ২০১৫ সালে শেষবার ইউরোপের সেরা হয় এই দল। টানা দুই লা লিগা জয়ের পর কোচ ফ্লিক বললেন, “এখন আমাদের লক্ষ্য ১০০ পয়েন্টে পৌঁছানো। অবশ্যই, খেলোয়াড়েরা এখন উদ্যাপনের সম্পূর্ণ যোগ্য। আর আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ জয়ের চেষ্টা করব।”
টানা দ্বিতীয় লা লিগা শিরোপায় ফ্লিক শীর্ষস্তরের লিগে শতভাগ সাফল্যের ধারা অব্যাহত রাখলেন। চার মৌসুমে দুই দল নিয়ে চারবার শিরোপা জিতেছেন তিনি। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে এবং বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে শিরোপা জয় করেছেন।






