অভিনেত্রী দানানির মোবিন বলেছেন, সহশিল্পীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক নিয়ে ভক্তদের অনলাইনে ‘শিপিং’ বা জুটি বানানোর প্রবণতা ভবিষ্যৎ সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে।
দানানিরের মতে, ভবিষ্যতে যাঁর সঙ্গে তিনি সম্পর্ক গড়বেন, সেখানে এসব গুজব বা আলোচনা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এক সাক্ষাৎকারে দানানির বলেন, এ ধরনের অনলাইন আলোচনা তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। পরিবার সাধারণ মানুষ হওয়ায় তারা প্রায়ই জিজ্ঞাসা করেন, কেন এসব কথা ছড়াচ্ছে।
দানানির জানান, এটি তাঁর কাজের জন্য নয়, বরং অনলাইনে ছড়ানো গুজবের কারণে এমন হয়। তবে তিনি বলেন, মা–বাবা তাঁর নাটক ‘মিম সে মহব্বত’ উপভোগ করেছেন।
তাঁর পরিবার আগে থেকেই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিল। এ জগতের সঙ্গে কোনো পূর্বসম্পর্ক না থাকায় শুরু থেকে তারা তাঁকে নিয়ে চিন্তিত ছিলেন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দানানির এখন পরিবারের উদ্বেগ আরও ভালোভাবে বুঝতে পারেন। একই সঙ্গে ইন্ডাস্ট্রিতে নতুন আসা তরুণীদের প্রতিও তিনি আরও সংবেদনশীল হয়ে উঠেছেন।
সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে দানানির বলেন, তাঁদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকায় গুজব কখনো শুটিং সেটে সমস্যা সৃষ্টি করে না।
গত কয়েক বছরে নিজের পরিবর্তনের কথাও উল্লেখ করেন মোবিন। তিনি বলেন, সময়ের সঙ্গে তিনি অনেক বদলে গেছেন। জনসাধারণের নজরদারি তাঁকে কিছুটা প্রভাবিত করলেও তিনি তা স্বীকার করেন।