আজকালকার দুনিয়ায় ইমেইলে সঠিকভাবে যোগাযোগ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। শুধু ইমেইল লিখতে না জানলেই অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। এমনকি যথেষ্ট যোগ্যতা থাকলেও ছোটখাটো ভুলের জন্য পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে। কার্যকর ইমেইল লেখার কৌশল জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক খালেদ মাহমুদ।
ইমেইল পাঠানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন: লিখছেন যা, তা কি সত্যিই গুরুত্বপূর্ণ? বানান-ব্যাকরণ কি ঠিক আছে? প্রাপক কি এক পড়লেই বুঝতে পারবেন কী বলতে চাইছেন? এসব নিশ্চিত করতে ডিজিটাল যোগাযোগের কিছু নিয়ম মেনে চলা দরকার।
একটি কার্যকর ও পেশাদার ইমেইলের জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
পেশাদার ইমেইল অ্যাড্রেস ব্যবহার করুন: ব্যক্তিগত ইমেইল আইডি যদি koolboy05 বা noonecares601 ধরনের হয়, তাহলে আজই বদলে নিন। শিক্ষকদের সঙ্গে যোগাযোগে সবসময় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল আইডি ব্যবহার করা উচিত। পেশাদার কাজে অফিসের ইমেইল থাকলে সেটাই ব্যবহার করুন। ব্যক্তিগত আইডির নামও পেশাদারভাবে রাখুন। অদ্ভুত নাম থেকে ইমেইল এলে শুরুতেই নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
জুতসই সাবজেক্ট লাইন: ধরুন, আপনি যাঁকে ইমেইল পাঠাচ্ছেন, তাঁর ইনবক্সে প্রতিদিন শত শত ইমেইল জমা হয়। তাই Hey বা URGENT না লিখে সরাসরি বিষয় উল্লেখ করুন। যেমন: SOC 101 Paper Assignment। এতে প্রাপক এক নজরেই বুঝে ফেলবেন ইমেইলের উদ্দেশ্য।
সঠিক সম্বোধন: কাউকে ইমেইল করতে সরাসরি নাম ধরে সম্বোধন করবেন না। সবসময় Professor, Dr., Ms. বা Mr. ব্যবহার করুন। শিক্ষকের পিএইচডি নিয়ে নিশ্চিত না হলে Professor বা Sir বলাই নিরাপদ।
পরিচয় স্পষ্টভাবে দিন: পরিচয় স্পষ্ট করে বলুন। ধরা যাক, শিক্ষককে ইমেইল করছেন। তিনি যদি আপনাকে ভালো করে না চেনেন, তাহলে শুরুতে নাম, আইডি নম্বর এবং কোন কোর্সের ছাত্র তা উল্লেখ করুন। এতে প্রাপকের কাজ সহজ হয়।
দাবি নয়, অনুরোধ করুন: ‘আমার গ্রেড চেক করুন’—এমন আদেশের মতো বাক্য এড়ান। পরিবর্তে ‘দয়া করে কি আমার গ্রেড একটু পুনরায় দেখবেন?’ বলুন। ইমোজি, টেক্সট সংক্ষেপ (Plz, U) বা অতিরিক্ত বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করবেন না। সিলেবাসে উত্তরযোগ্য প্রশ্নও এড়ান।
ফর্মাল ক্লোজিং: শেষে Sincerely, Respectfully বা Thank you লিখে পূর্ণ নাম যোগ করুন।
ইমেইল শুধু লিখলেই চলে না, তা পড়ার যোগ্য হতে হবে। কিছু কৌশল ইমেইলকে আরও শক্তিশালী করে।
মূল কথা শুরুতে: সংবাদপত্রের স্টাইলে সবচেয়ে জরুরি তথ্য প্রথম প্যারাগ্রাফে দিন। যাতে পুরোটা না পড়লেও উদ্দেশ্য বোঝা যায়।
সংক্ষিপ্ত ও স্পষ্ট: অহেতুক দীর্ঘ বাক্য বা ফালতু কথা এড়ান। Basically, Actually, Kind of—এসব শব্দ বাদ দিন, যা বার্তার ওজন কমায়।
পঠনযোগ্যতা বাড়ান: বড় প্যারাগ্রাফের বদলে এক-দুই লাইনের ছোট প্যারাগ্রাফ করুন। জটিল তথ্যে বুলেট বা হেডিং ব্যবহার করুন।
ধৈর্য ধরুন: ইমেইল পাঠিয়ে উত্তরের জন্য অস্থির হবেন না। সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করুন। দেড় ঘণ্টায় উত্তর না পেলে আবার পাঠানো অভদ্রতা। ৪৮ ঘণ্টায় উত্তর না পেলে বিনীত ফলোআপ করতে পারেন।
স্থায়িত্ব মনে রাখুন: মুখের কথা হারায়, ইমেইল থেকে যায়। যে কেউ ফরোয়ার্ড করতে পারে, তাই শব্দ বাছাই সতর্কতার সঙ্গে করুন।
অনেকে এখন এআই দিয়ে ইমেইল লেখেন বা উত্তর দেন। এসময় সাবধান থাকুন। এআই প্রায়ই অপ্রাসঙ্গিক কথা লিখে ফেলে, যা যোগাযোগের স্বাভাবিকতা নষ্ট করে। এআই দিয়ে লিখলে অবশ্যই পড়ে ভুল দেখুন। নিজস্ব স্টাইল ধরে রাখার চেষ্টা করুন।
সূত্র: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপি






