ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদ থেকে সরে দাঁড়ানোর পর চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে (ইসরাফিল রতন) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। চারুকলার গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষক ইসরাফিল রতন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে তাঁকে এই পদে নিয়োগের তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুরে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে প্রক্টরের দায়িত্ব ছাড়েন অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন। এরপর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন সহকারী প্রক্টর হন।
এখন অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের ফলে তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পান বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের চারুকলা অনুষদের আহ্বায়ক ইসরাফিল রতন।






