বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন। কিন্তু সম্প্রতি এক পডকাস্টে মাতৃত্ব, মানসিক পরিবর্তন এবং পোস্টপার্টাম সংগ্রাম নিয়ে প্রথমবার খোলামেলা আলোচনা করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। সেখানে তিনি বলেন, মা হওয়ার পর তাঁর জীবন সম্পূর্ণ বদলে গেছে এবং নিজের পরিচয় নিয়েও নতুনভাবে চিন্তা করতে শিখেছেন।

গত বছর জুলাই মাসে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথম সন্তানের জন্মের খবর জানান কিয়ারা। কন্যাসন্তানের আগমনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা লিখেছিলেন, “আমাদের হৃদয় এখন পূর্ণ। আমাদের পৃথিবী চিরদিনের জন্য বদলে গেছে। আমরা কন্যাসন্তানের মা–বাবা হয়েছি।” এরপর থেকে মাতৃত্বের নতুন অধ্যায়ে মগ্ন এই অভিনেত্রী। তবে এই যাত্রা শুধু আনন্দের ছিল না, সেটা তিনি এবার অকপটে স্বীকার করলেন।

‘এটা এক বিশাল পরিচয়-পরিবর্তন’
সম্প্রতি উদ্যোক্তা ও পডকাস্ট সঞ্চালক রাজ শামানির অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন কিয়ারা। সেখানে পোস্টপার্টাম অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

কিয়ারার ভাষায়, “পোস্টপার্টাম নিয়ে কেউ কথা বলে না। অথচ বিষয়টি নিয়ে আরও বেশি কথা বলা উচিত। মা হওয়া মানে এক বিশাল পরিচয়-পরিবর্তন। এটা সম্পূর্ণ নতুন একটা পৃথিবী। আর সেই সময় নিজেকে সময় দেওয়া, নিজেকে ক্ষমা করতে শেখা খুব কঠিন।”

এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তাঁকে ছয় মাস সময় লেগেছে। এই সময়ে তিনি নিজেকে শুধু একটি কথাই বলে গেছেন—নিজের প্রতি সহানুভূতিশীল হতে হবে। কিয়ারা বলেন, “তুমি সবার জন্য এত কিছু করো যে নিজের সঙ্গে সম্পর্কটার কথা ভুলে যাও। নিজের জন্য কী দরকার, সেটাও ভাবা হয় না। আমার পুরো জীবনটাই ছিল অন্যদের ঘিরে। কিন্তু সন্তান জন্মের পর প্রথমবার নিজের সঙ্গে সম্পর্কটা লালন করার সময় পেয়েছি।”

কিয়ারা আরও বলেন, “সবাই মূলত বাচ্চাকে নিয়েই বেশি ভাবে। সে ঘুমোচ্ছে কি না, ঠিক আছে কি না, ডায়াপার বদলানো, বাচ্চাকে স্নান করানো—এসব নিয়েই প্রথম কয়েকটা মাস কেটে যায়। সেই সময় আমি এমন একজন মানুষকে পাশে চেয়েছিলাম, যে কোনো উপদেশ না দিয়ে আমার কথাটুকু শুনবে। অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে।” তিনি স্বীকার করেন, সন্তান জন্মের প্রথম দিকে খুব ছোট ছোট বিষয়েও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়তেন। মা হওয়ার পর অনেক পরিস্থিতিতে কান্নায় ভেঙে পড়তেন কিয়ারা।

‘৩৪ বছর পর সীমারেখা টানতে শিখেছি’
মাতৃত্ব তাঁকে নিজের ভেতরের অনেক কিছু নতুনভাবে চিনতে সাহায্য করেছে। তিনি বলেন, “৩৪ বছর পর আমি সীমারেখা টানতে শিখেছি। নিজেকে সব সময় সমালোচনা করা বন্ধ করতে শিখেছি। ভয়কে গুরুত্ব না দিতে শিখেছি। গত ছয় মাসে আমাকে নিজেকেই এসব শেখাতে হয়েছে।” অভিনেত্রীর মতে, সন্তান জন্মের পর একজন নারীর ব্যক্তিত্ব, মানসিকতা, জীবনবোধ—সবকিছুই বদলে যায়। তিনি বলেন, “মা হওয়ার পর আপনার ভেতরের সবকিছু বদলে যায়।”

কন্যাসন্তানকে আড়ালেই রাখতে চান
গত বছর সন্তান জন্মের খবর প্রকাশের পর থেকে কিয়ারা ও সিদ্ধার্থ ফটোগ্রাফারদের কাছে অনুরোধ করেছিলেন, যেন তাঁদের নবজাতকের ছবি তোলা না হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের নামও প্রকাশ করেন তারা। তাঁদের কন্যার নাম ‘সারায়াহ মালহোত্রা’। ২০২৩ সালে জয়সলমীরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়েই তাঁদের সম্পর্ক গভীর হয়।

সামনে মুক্তি পাচ্ছে ‘টক্সিক’
মাতৃত্বের পাশাপাশি ধীরে ধীরে কাজেও ফিরছেন কিয়ারা আদভানি। বর্তমানে তিনি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় আরও আছেন যশ, নয়নতারা, হুমা কুরেশি।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে