রাজধানীর গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটি শনিবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছে। সংগঠনটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা তাঁদের মেয়াদকালের কার্যক্রম ও অর্জনের বিবরণ তুলে ধরেন। পরবর্তীতে তাঁদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

টানা দুবার নির্বাচিত সভাপতি ওমর সাদাত নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর নবনির্বাচিত নির্বাহী কমিটি শপথ নেয়।

শপথ গ্রহণের পর আগামী দুই বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে ওমর সাদাত বলেন, "গুলশানকে আধুনিক ও আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এই টাস্কফোর্সে গুলশানের পাশাপাশি বনানী, বারিধারা ও নিকেটন সোসাইটিও যুক্ত রয়েছে।"

ওমর সাদাত আরও বলেন, "রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহায়তায় দখল ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান করে গুলশানকে আরও নান্দনিক ও বাসযোগ্য করে তোলাই নতুন কমিটির প্রধান লক্ষ্য।"

অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির মহাসচিব মুজিবুর রহমান মৃধা প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সাব্বির জামান গান পরিবেশন করেন।