কয়েকদিন ধরে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অসুস্থতা নিয়ে চর্চা চলছিল। লিভার-সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন বলে জানা যায়। আজ শনিবার দুপুরে মুক্তকণ্ঠকে তাঁর বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
কায়সার হামিদ মুক্তকণ্ঠকে বলেন, “অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।” সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, “সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।






