যৌথভাবে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফা এবার তিন আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আগামী ৪ জুলাই হিউস্টন ও ফিলাডেলফিয়ায় বিশেষ আয়োজনও রয়েছে। বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচগুলোর আগে পারফর্ম করার জন্য ফিফা ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

১২ জুন লস অ্যাঞ্জেলেসের পার্শ্ববর্তী সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এখানকার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। তাঁদের সঙ্গে এদিন মঞ্চ নেবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

‘বেদের মেয়ে জোসনা’, ‘বাবা কেন চাকর’—দেখব কেন, বললেন অঞ্জন দত্ত। খবরটি নিশ্চিত করে সঞ্জয় বলেন, “জীবনে এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে আজ সেই মঞ্চের অংশ হওয়া—অবিশ্বাস্য অনুভূতি। একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু।” সঞ্জয় আরও বলেন, “এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠস্বর অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।”

সঞ্জয় ইতিমধ্যে তার কাজের মাধ্যমে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার শ্রোতাদের কাছে পরিচিত। নিউইয়র্ক টাইমস তাকে বিশ্বের অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে মাঠে নামবে কানাডা। টরন্টোয় প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তাদের খেলায় পারফর্ম করবেন কানাডীয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা।

১১ জুন অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে। এই অনুষ্ঠানে মেক্সিকান রক ব্যান্ড মানা, পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ ও গায়িকা বেলিন্দা পারফর্ম করবেন। দক্ষিণ আফ্রিকার গায়িকা-গীতিকার টাইলাও এই আয়োজনে থাকবেন।

বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পী ভাগ হয়ে পারফর্ম করবেন। তাঁদের মধ্যে রয়েছেন কলম্বিয়ার জে বালভিন, ব্রাজিলের আনিত্তা, ভেনেজুয়েলার ড্যানি ওশান, ফিলিস্তিনি-চিলিয়ান শিল্পী এলিয়ান্না এবং ফ্রান্সের ভেজেড্রিম।

দর্শকদের আগে স্টেডিয়ামে আনার জন্য ফিফা ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা করেছে। মেক্সিকোর অনুষ্ঠান চলবে ১৬ মিনিট ৩০ সেকেন্ড, আর যুক্তরাষ্ট্র ও কানাডার অনুষ্ঠান হবে ১৩ মিনিট করে।