পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়লাভ করেছেন রুদ্রনীল ঘোষ। শোনা যাচ্ছে, তিনি মন্ত্রীও হতে চলেছেন। এর মধ্যে এসেছে নতুন খবর যে, ১৩ বছর পর রুদ্রনীল ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘আবার হাওয়া বদল’ মুক্তি পাচ্ছে। ‘হাওয়া বদল’ ছবির সেই ত্রিমূর্তি রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন ১৩ বছর পর আবার একসঙ্গে ফিরছেন। তাদের সঙ্গে আছেন অনুষা বিশ্বনাথন। এই জুনেই ছবিটি মুক্তি পাবে।

গত কয়েক বছরে টালিউডে অনেক পরিবর্তন এসেছে। এর আগেও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি রাজ্য রাজনীতিতে পালাবদল ঘটেছে। এই প্রেক্ষাপটে আসন্ন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে প্রচণ্ড আগ্রহ দেখা দিয়েছে। এই সময় ‘আবার হাওয়া বদল’ মুক্তি পাওয়াটা কি ঠিক হয়েছে?

রুদ্রনীল ঘোষ সংবাদ প্রতিদিনকে বলেন, ‘দুটো মিলে গেছে আরকি! কারণ, রিলিজ করতে দেওয়া হচ্ছিল না। ২০২৩ থেকে সিনেমাটা রেডি। গত ডিসেম্বরেই মুক্তির প্ল্যান হয়েছিল। কিন্তু রিলিজ করতে দেওয়া হচ্ছিল না। তারপর ঠিক হচ্ছিল, নির্বাচনের পর যদি রিলিজ করা যায়। নাটকীয় হাওয়া বদল হয়ে যাওয়া এবং একদিকে পরম, একদিকে আমি—একটা খুব মজার পরিবেশ তৈরি হয়েছে (হাসি)। এইটুকু বলতে পারি, ছবির পার্ট ওয়ান দেখে মানুষের যতটা ভালো লেগেছিল, মানুষ তার থেকেও বেশি খুশি হবে।’ তিনি জানান, জুন মাসের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি পাবে।

দুই অভিনেতা দুই দলের, এটা কি অসুবিধা সৃষ্টি করতে পারে? এই প্রশ্নে পরমব্রত বলছেন, ‘আমি তো কোনো দলের নই। এ কথা ঠিক, আমার রাজনৈতিক মতাদর্শ রুদ্র যে দলের এবং যাঁরা ২০২৬ সালে পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছেন, তার থেকে আলাদা। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেটা সিনেমা ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই ছিল। আর তৃণমূলের ভুলগুলোর বিষয়ে আমরা সবাই অবগত। পরিস্থিতির বিচারে ওরা ছিল মন্দের ভালো। এবারে দেখলাম, রুদ্রনীল যে দলের, যেভাবে তারা জিতেছে, সেটার প্রতি সম্পূর্ণ সম্মান আছে। বিগত ১০ বছর ধরে প্রচণ্ড খেটেছে তারা। কিন্তু তাদের মতাদর্শের আমি বিরোধী। আমি তো সে অর্থে কোনো দলের নই। এত দিনের পরিচয় রুদ্রর সঙ্গে, আশা করি অসুবিধা হবে না। এত দিন তো হয়নি। ছবিটা ঠিক সময়ে মুক্তি পাচ্ছে। ওকে অভিনন্দন জানিয়েছি। মনে হয়, এই সময়ে মুক্তি পেলে ভালোই হবে।’

সংবাদ প্রতিদিন অবলম্বনে