ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে আগুনে পুড়ে এক স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের জানানো মতে, গতকাল গভীর রাতে আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির বাড়িতে হঠাৎ আগুন লাগে। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। এই দম্পতি তাদের তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করে দেন, কিন্তু নিজেরা আর বাঁচতে পারেননি। ঘটনাস্থলেই তারা পুড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টিন ও কাঠের তৈরি পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “সালাম ও তাঁর স্ত্রী নাসিমা ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। তবে ঘটনাটি কী নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”






