রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে ১ মে থেকে ৭ মে পর্যন্ত সাত দিনের অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোট ৮৯৩ জনকে আটক করেছে।

ডিএমপি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) পুলিশের অভিযানে তেজগাঁও বিভাগে ৬৮ জন এবং মিরপুর বিভাগে ৩৩ জন গ্রেপ্তার হয়েছে। তেজগাঁও বিভাগের তেজগাঁও থানা এলাকায় ৭ জন, শেরেবাংলা নগরে ১২ জন, মোহাম্মদপুরে ২৩ জন, আদাবরে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে ৭ জন এবং হাতিরঝিলে ১৩ জন অন্তর্ভুক্ত।

১ মে থেকে ডিএমপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা অনুসরণ করে রাজধানীতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের অংশ হিসেবে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে এই কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। অপরাধীদের মূলোৎপাটন করে নগরবাসীকে স্বস্তি প্রদান এবং মহানগরীকে নিরাপদ রাখতে অভিযান আরও তীব্র করা হয়েছে।