যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহাম কাউন্সিলের নির্বাহী মেয়র নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী জয়লাভ করেছেন। টাওয়ার হ্যামলেটসে এসপায়ার পার্টির লুৎফুর রহমান এবং নিউহামে লেবার পার্টির ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস, নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম, রেডব্রিজসহ ১৩৬ স্থানীয় সরকার কর্তৃপক্ষের ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রার্থী অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সকালে নির্বাহী মেয়র পদে ভোট গণনা শুরু হয়।

স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে নিউহাম কাউন্সিলের ফলাফল ঘোষণা করা হয়। পূর্বাভাস অনুযায়ী ফরহাদ হোসেন জয় পান, মোট ২৫ হাজার ৫৩৮ ভোট নিয়ে। যুক্তরাজ্যের মূলধারার কোনো বড় রাজনৈতিক দল থেকে মনোনীত প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র হিসেবে তিনি ইতিহাস গড়লেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউহাম ইনডিপেনডেন্ট পার্টির কামরান মালিক পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট। তৃতীয় স্থানে গ্রিন পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আরিক চৌধুরী, ১৮ হাজার ৯৯৯ ভোট নিয়ে। এই কাউন্সিলে মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

টাওয়ার হ্যামলেটসে ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে বর্তমান নির্বাহী মেয়র লুৎফুর রহমান পুনরায় জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। তৃতীয় স্থানে গ্রিন পার্টির হিরা খান আদেওগান। এই কাউন্সিলে আরও দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই ক্ষমতাসীন লেবার পার্টি ও দলটির নেতা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য উদ্বেগ বাড়ছে। এ পর্যন্ত প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে ডানপন্থী নেতা নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে বড় ধরনের অগ্রগতি অর্জন করছে। অন্যদিকে লেবার পার্টি তাদের ঐতিহ্যগত শক্ত ঘাঁটিগুলোতেও ধাক্কা খাচ্ছে। গতকাল পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী রিফর্ম ইউকে নাটকীয়ভাবে এগিয়ে রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, রিফর্ম ইউকে ইতিমধ্যে প্রায় ৪০০ কাউন্সিল আসনে জয় পেয়েছে। লেবার পার্টি গত নির্বাচনে জয়ী হওয়া উল্লেখযোগ্যসংখ্যক আসন হারিয়েছে।