মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার তিল্লী গ্রামের আলম হোসেন (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)।

সাটুরিয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে কংক্রিটবোঝাই একটি ট্রাক দড়গ্রাম থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বেলা সাড়ে ১১টার দিকে উত্তর পাড়তিল্লী বিলপাড়া এলাকায় ট্রাকটি সামনের দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী আলম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কালু মিয়া ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে কালু মিয়া এবং বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনা মিয়া মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।