তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থী দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থনে সরকার গঠন করছে। আজ শুক্রবার বিকেলে এই দলগুলো টিভিকেকে সমর্থন জানায়। এর মাধ্যমে চার দিন ধরে চলা সরকার গঠন নিয়ে নাটকীয়তার সমাপ্তি ঘটে।

সরকার গঠন নিশ্চিত হওয়ার ঠিক আগমুহূর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে একটি বার্তা দেন থালাপতি বিজয়। এই বার্তা নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, শিক্ষার্থীদের অভিনন্দন জানানো এই পোস্টে শুধু পরীক্ষার ফল নয়, তাঁর নিজের রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিতও লুকিয়ে আছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিজয়। সেখানে তিনি লেখেন, ‘এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।’ একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তবে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে পরীক্ষায় সফল হতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বার্তা। বিজয় লেখেন, ‘যারা এবার সফল হতে পারোনি, তারা মনোবল হারিয়ো না। আবার চেষ্টা করো। মনে রেখো, আমরা জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি।’

বিজয়ের পোস্টের শেষ লাইন—‘ভালো কিছু ঘটবেই! সাফল্য নিশ্চিত!’—অনেকের কাছে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথা বলে মনে হয়নি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি তাঁর দল ও সমর্থকদের উদ্দেশে দেওয়া আত্মবিশ্বাসী বার্তা।

বিজয়ের সমর্থকরা বলছেন, তিনি বরাবর তরুণদের অনুপ্রাণিত করতে পছন্দ করেন এবং পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা জানানো তাঁর দীর্ঘদিনের অভ্যাস। তাঁদের মতে, পোস্টটিকে অতিরিক্ত রাজনৈতিকভাবে দেখার কোনো প্রয়োজন নেই।

এদিকে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ নিয়েও ব্যাপক আলোচনা চলছে। শোনা যাচ্ছে, তাঁর জন্মদিন ২২ জুন ছবিটি মুক্তি পেতে পারে। রাজনৈতিক সাফল্য ও সিনেমার জনপ্রিয়তা—দুইয়ের মিশ্রণে বিজয়কে ঘিরে উন্মাদনা তামিলনাড়ুর গণ্ডি ছাড়িয়ে সারা ভারতেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে