দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর এক শিশুর হামে মৃত্যু নিশ্চিত হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে হাম ও হামের উপসর্গে মোট ৩৪৩ শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে ২৮৫ শিশু হামের উপসর্গ নিয়ে এবং ৫৮ শিশু হামে মারা গেছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এ হিসাব গতকাল বৃহস্পতিবার (৭ মে) সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় মৃত সাত শিশুর মধ্যে ৩ জন সিলেট বিভাগের। এছাড়া ঢাকায় ২ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে প্রত্যেকে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় দেশের আট বিভাগে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ২১২ জন, হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ শিশু। হাম শনাক্ত হয়েছে ২৮২ শিশুর। এর মধ্যে সর্বোচ্চ ২০৪ জনের হাম শনাক্ত ঢাকা বিভাগে, তারপর চট্টগ্রামে ৪৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১৪ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।






