মোস্তফা কামাল রাজের নির্মিত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ প্রচার শুরু হওয়ার পর থেকেই দর্শকদের আলোচনায় রয়েছে। আজ শুক্রবার এই নাটকের যাত্রা থামছে ৫২তম পর্বে। বেলা ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় শেষ পর্ব। তবে এটি সাধারণ নয়, দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য ৯২ মিনিট।

সাধারণত ‘এটা আমাদেরই গল্প’-এর প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫-২৮ মিনিট হয়। শেষ পর্ব ৯২ মিনিটের করা নিয়ে সিরিজের রচয়িতা-পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ শুক্রবার দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, “স্বপ্নের একটি কাজ ছিল, আজ শেষ হচ্ছে। পুরো সময়ে অনেক অনেক ভালো ফিডব্যাক পেয়েছি, চরিত্রগুলোকে দর্শকেরা নিজেদের পরিবারের অংশ ভেবেছেন। একজন নির্মাতার কাছে এর চেয়ে বড় কী হতে পারে।”

ঘাড় ঘুরিয়ে অটোরিকশাচালক বলে, “এটা আমাদেরই গল্পের মা আপনি!”

২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে প্রতিটি পর্ব। শুরু থেকেই পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই সিরিজ দর্শকদের সাড়া পেয়েছে। প্রতি পর্বে কী ঘটে, সেই দৃশ্যগুলো দেশ-বিদেশের দর্শকরা আগ্রহের সঙ্গে দেখেছেন। এক দিনেই কোটি ভিউ পাওয়ার মতো নতুন রেকর্ড গড়েছে এই সিরিজ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শকদের কাছ থেকে হাজার হাজার ইতিবাচক মন্তব্য এসেছে।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ তৈরি করেছেন মোস্তফা কামাল রাজ। গল্পের নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে যোগাযোগ, ব্যতিক্রমী নির্মাণশৈলী এবং প্রাণবন্ত অভিনয়ের সমন্বয়ে এই সিরিজ অভাবনীয় সাফল্য পেয়েছে। পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা অনেকের মন ছুঁয়ে গেছে।

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই ধারাবাহিকের মূল চার চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা এবং তাদের পরিবারকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং সামির চরিত্রে খায়রুল বাসার। গল্পে তারা দুই ভাই। ফাহাদের সাবেক প্রেমিকাকে বিয়ে করে সামির। সেই মেয়েটির নাম মেহরীন, চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল।

এছাড়া নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা অভিনয় করেছেন। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। ‘এটা আমাদেরই গল্প’-এর টাইটেল সং গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি।